মাদক নিরাময় কেন্দ্রের হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে মাদকাসক্তদের ভর্তির হার বেড়েই চলছে। নগরের পাঁচটি পুনর্বাসন কেন্দ্রে এখন স্থান সংকুলান না হওয়ায় অনেকেই রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বিভিন্ন নিরাময় কেন্দ্রে ভিড় করছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, সিলেটে পাঁচটি বৈধ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এগুলো হচ্ছে বালুচর এলাকার বাঁধন, আহ্বান, আম্বরখানা এলাকার প্রত্যাশা এবং উপশহর এলাকার প্রশান্তি ও প্রতিশ্রুতি। এগুলোর বাইরে দক্ষিণ সুরমা এলাকায় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অবৈধভাবে চালু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সূত্রে জানা যায়, পাঁচটি কেন্দ্রের প্রতিটিতে ১০ জন করে মোট ৫০ জন চিকিৎসা নিতে পারে। এসব নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসার পাশাপাশি মানসিকভাবে সুস্থ রাখতে বিভিন্ন ধরনের কার্যক্রম নেওয়া হয়। চিত্তবিনোদনের জন্য টিভি দেখার পাশাপাশি খেলাধুলা ও নানা ধরনের কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। এসব কেন্দ্রে একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ করার জন্য প্রায় ১৫ হাজার টাকা ফি নেওয়া হয় বলে পুর্নবাসন কেন্দ্রের পরিচালকেরা জানিয়েছেন। সিলেটের বালুচর এলাকার বাঁধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুরাদ হাসান বলেন, ‘সিলেটে চিকিৎসা নিতে আসা মাদকাসক্তদের তুলনায় আমাদের পুনর্বাসন কেন্দ্রগুলোতে সিট ও কেবিনের পরিমাণ খুবই কম। সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য-সহযোগিতা পেলে ভবিষ্যতে পরিমাণ বাড়বে বলে আশা করছি। তবে একটা বিষয় না বললেই নয়, পত্রপত্রিকায় সিলেটের মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলোকে যে রকম নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটা ঠিক নয়। অথচ আমরা আন্তরিকতার সঙ্গে সুন্দর পরিবেশে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি। নেতিবাচক উপস্থাপনের কারণে এই পুনর্বাসন কেন্দ্র সম্পর্কে তাই সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা কাজ করছে, এটা পাল্টাতে হবে।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা সব সময় এগুলো তদারক করে থাকি। এই প্রতিষ্ঠানগুলো নীতিমালা মেনে সুষ্ঠুভাবে চলছে। এদের সম্পর্কে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি।’