কখনো এক মাস পরপর আবার কখনো এক সপ্তাহ পরপর টোকেনের ছবি পরিবর্তিত হয়
মাদক পাচারকারীদের রক্ষাকবচ পুলিশের দেওয়া ‘টোকেন’
কোনো আগ্নেয়াস্ত্র বা লাঠিসোটা নয়, এক টাকার নোটের অর্ধেকের সমান একটি কাগজের টুকরোই নিরাপত্তা দেয় মাদক বহনকারীদের। সাংকেতিক চিহ্নসংবলিত এই কাগজের টুকরো বা ‘টোকেন’ মাদক পাচারকারীদের বড় রক্ষাকবচ। টোকেন সঙ্গে থাকলে রাস্তায় আর পুলিশি হয়রানির ঝুঁকি থাকে না। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া মাদক পাচারকারীদের কাছ থেকে এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এক একটি টোকেন ব্যবহার করা যায় মাত্র একবার। মাদকের প্রকার ও পরিমাণ অনুযায়ী টাকা দিয়ে পুলিশের কথিত লাইনম্যানের কাছ থেকে টোকেন সংগ্রহ করে মাদক পাচারকারীরা। সেই টোকেনের জোরে ব্যাগভর্তি বা গাড়িভর্তি মাদক নিয়ে সীমান্তবর্তী জেলা থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় পৌঁছে যায় মাদকের চালান।চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার করা এমন কিছু টোকেনের অনুলিপি প্রথম আলোর হাতেও এসেছে। দেশের মাদক পাচারের রুটগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া। সম্প্রতি ওই এলাকা থেকে মাদকের চালান নিয়ে ঢাকায় প্রবেশের সময় ধরা পড়া চোরাকারবারিদের কাছ থেকে বেশ কিছু টোকেন উদ্ধার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া মাদক চোরাকারবারিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ‘জিনিস’ (মাদক) অনুযায়ী পুলিশকে টাকা দিলে টোকেন মেলে। আর এ টোকেন থাকলে রাস্তায় তাঁদের আর পুলিশের ভয় নেই।১৩ আগস্ট গাঁজাসহ শামসুল ইসলাম ও বাবুল চৌধুরী নামে ব্রাহ্মণবাড়িয়ার দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারের পর তাঁদের কাছে পাওয়া যায় কাগজের টোকেন, যার এক পাশে লেখা ছিল ‘সাত কেজি তামাক’, আর অপর পাশে একটা ফুটবলের প্রতীকসংবলিত সিল মারা।পরে শামসুল ইসলাম ও বাবুল চৌধুরীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, তাঁদের ওই টোকেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব পর্যন্ত ‘নিরাপত্তা কবচ’ ছিল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পুলিশের কথিত লাইনম্যান তাজউদ্দীন তাঁদের এই টোকেন দিয়েছেন। তাঁরা সাত কেজি গাঁজা পরিবহনের জন্য প্রায় দেড় হাজার টাকার বিনিময়ে টোকেনটি সংগ্রহ করেন। এরপর কুমিল্লা থেকে তাঁরা সড়কপথে ভৈরব আসেন। তারপর ভৈরব থেকে অনেকখানি ঘুরে নৌকায় করে কাপাসিয়ায় যান। কাপাসিয়া থেকে প্রভাতী-বনশ্রী বাসে রাজধানীর মহাখালীতে নামার পরই গ্রেপ্তার হন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগেও বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হয়েছে নানা রঙের কাগজে বিভিন্ন প্রতীকসংবলিত টোকেন। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বলেছেন, কখনো এক মাস পরপর আবার কখনো এক সপ্তাহ পরপর টোকেনের ছবি পরিবর্তিত হয়। ফুল, পাখি, মাছ, ফুটবল, বাস, মানুষ, গরু ইত্যাদি প্রতীক নির্ধারণ করা হয় এক সপ্তাহ বা এক মাসের জন্য। ছোট কাগজের টুকরোর এক পাশে রাবার স্ট্যাম্প সিল মারা প্রতীক। আরেক পাশে লেখা থাকে সংশ্লিষ্ট মাদকের বিবরণ। যেমন—গাঁজা থাকলে তামাক লিখে কত কেজি তা লেখা হয়। ফেনসিডিল থাকলে শুধু ডা. অথবা ডাইল লিখে সংখ্যা উল্লেখ করা হয়। বিভিন্ন থানার নির্দিষ্ট লোক টাকার বিনিময়ে টোকেন দেওয়ার কাজ করেন। তাঁদের বলা হয় লাইনম্যান।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রতি বোতল ফেনসিডিলের জন্য ৩০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি গাঁজার জন্য ২০০ থেকে ৫০০ টাকা দিলে তার পরই মেলে টোকেন। মাদকের ওজন মেপে বা পরিমাণ গুনে তার পরই টোকেন দেওয়া হয়। এ ক্ষেত্রে ফাঁকি দেওয়ার সুযোগ কম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কয়েকটি থানায় একজন করে নিম্নপদস্থ কর্মকর্তা বা পুলিশ সদস্য এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত থাকেন। সেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ অথবা তাদের কোনো দালালের কাছ থেকে টোকেন সংগ্রহ করেন লাইনম্যানরা।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মাদকগুলো দেশে ঢোকার পর সীমান্তবর্তী কোনো একটি গ্রামে রাখা হয়। সেখান থেকে প্যাকেটজাত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। প্যাকেট করার পর ঢাকায় বা অন্য গন্তব্যে পাঠানোর আগেই সংশ্লিষ্ট থানার পুলিশের কথিত লাইনম্যানের কাছ থেকে পরিমাণ অনুযায়ী টোকেন সংগ্রহ করেন চোরাকারবারিরা। এই টোকেন ধরিয়ে দেওয়া হয় মাদক বহনকারীকে।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মাদকের চালানের বেশির ভাগ প্রথমে আসে ভৈরব। ভৈরবের কয়েকটি মাদকের গুদামে সেই বড় মাদকের চালানগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। তার পর বাসে, ট্রেনে, মাইক্রোবাসে, নৌকায় নানাভাবে ঢাকায় আনা হয়।গাঁজাসহ গ্রেপ্তার হওয়া শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগে পুলিশরে একটা ধরায়া দিলেই হইতো। আর এহন পুলিশ পাল্লা-পাত্থর লইয়া বইয়া থাকে। পাঁচ কেজির কতা কয়া সাত কেজি আনবেন, এইডা হইতো না। যদি কম কয়া টোকেন নিতে যান আর মাপে ধরা পড়ে, তাইলে মামারা (পুলিশ) বেশিডি (বাড়তি মাদক) রাইখ্যা দিবো।’নাম প্রকাশে অনিচ্ছুক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘একজন থানার ওসি যদি মাদক ব্যবসা বন্ধ করতে চান, তাহলে ওই এলাকায় আর কারও পক্ষে মাদক ব্যবসা করা সম্ভব নয়। এমনকি মাদক নিয়ন্ত্রণের ওই এলাকার দায়িত্বরত কর্মকর্তা চাইলেও মাদক ব্যবসা করা সম্ভব নয়। কিন্তু বেশির ভাগ ওসি মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেন না।’মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এম এ এস সিদ্দিক প্রথম আলোকে বলেন, তাঁরা এ বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন। কারণ পুলিশ একটি পৃথক সংস্থা, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।আরও অভিযোগ: গত শনিবার রাতে সাভারের বিশমাইলে ভুট্টার ট্রাক থেকে পাঁচ হাজার ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে অর্থের বিনিময়ে চার হাজার বোতল ফেনসিডিল ফিরিয়ে দেয় ও দুই আসামিকে পুলিশ ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে। উদ্ধার দেখানো হয় এক হাজার ১২০ বোতল ফেনসিডিল। নাম প্রকাশ না করার শর্তে সাভার থানার একাধিক কর্মকর্তা বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।এর আগে ১১ আগস্ট কুড়িগ্রাম সদর থানা এলাকায় পুলিশের বিরুদ্ধে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের পর ৫০ বোতল উদ্ধার দেখানোর অভিযোগ ওঠে। তখন সংবাদকর্মীদের কাছে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, মাদকের ঘটনায় এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি।