মাদক ব্যবসায় জড়িত থাকায় ৬০ পুলিশ গ্রেপ্তার
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেওয়া এবং মাদক দমনে ইচ্ছাকৃতভাবে অবহেলার অভিযোগে ব্রাজিলের রিও দে জেনেরিয়ো থেকে সামরিক পুলিশের ৬০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, ব্রাজিলের মাদক ব্যবসার সবচেয়ে বড় চক্র ‘রেড কমান্ড’-এর ১১ জন সদস্যকেও আটক করা হয়। গ্রেপ্তার করা পুলিশেরা মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্রও বিক্রি করত বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।২০১৪ সালে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ সালে অনুষ্ঠেয় অলিম্পিকের আগে রিও দে জেনেরিয়ো শহরকে মাদক ও অপরাধমুক্ত করতে চায় ব্রাজিলের কর্তৃপক্ষ। এ শহরটি ব্রাজিলের সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা।রিও-র সামরিক পুলিশের প্রধান এরির রিবেইরো কোস্তা ফিলহো বলেন, আটক কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। তিনি বলেন, ‘আমাদের বাহিনীতে দুর্নীতিগ্রস্ত সদস্যদের আর রাখা হবে না।’রিও দে জেনেরিয়োর ডুকু দে ক্যাসিলাস এলাকায় ‘শোধন’ নামের অভিযানটি শুরু হয়েছিল গতকাল সকালে। অভিযানে মোট ৭০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন আগেই সাজা পেয়েছিলেন ও পলাতক ছিলেন।শহরটিতে মাদকবিরোধী তত্পরতা ও তদন্ত শুরু হয় প্রায় এক বছর আগে। গ্লোবো টিভির খবরে বলা হয়, পুলিশের আটক কর্মকর্তারা প্রতি সপ্তাহে দেড় হাজার থেকে আড়াই হাজার রিয়াল (প্রায় ৫৮ হাজার থেকে এক লাখ টাকা) ঘুষ পেতেন।তদন্তকারী কর্মকর্তারা বলেন, ডুকু দে ক্যাসিলাস এলাকার ১৩টি বস্তিতে নির্বিঘ্ন মাদক ব্যবসা নিশ্চিত করতেন পুলিশের এসব কর্মকর্তা। বস্তিগুলোর সব বাসিন্দারাই শ্রমিক। তদন্তকারী কর্মকর্তারা আরও বলেন, পুলিশের সদস্যরা মাদক ব্যবসায়ী ও তাঁদের নিকটাত্মীয়দের অপহরণ করাসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও যুক্ত ছিলেন। মুক্তিপণ পেতে তাঁরা এসব করতেন। অনেক সময় ঘুষের টাকা সময়মতো না পেলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানও চলাতেন এসব কর্মকর্তা।ডুকু দে ক্যাসিয়াসের পুলিশ বাহিনীর প্রধান ক্লদিও দে লুকাস লিমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, দুর্নীতিগ্রস্ত পুলিশ বাহিনীর ওপর শ্রমজীবী মানুষ ও গরিবদের আস্থা ফেরাতেই এসব তত্পরতা চলছে।