মাদক ব্যবসায় জড়ানোর প্রবণতা বাড়ছে নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুরুষের পাশাপাশি নারীদের মাদকাসক্তি বাড়ছে। একইভাবে বাড়ছে নারীদের মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ার প্রবণতা।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে বলা হয়, মাদকসেবীদের ১ দশমিক ৬ শতাংশই নারী। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, শুধু ঢাকা নগরেই অন্তত ৫০টি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন নারী মাদক ব্যবসায়ীরা। নিরাপদ ও ঝুঁকিমুক্ত বলে মাদক ব্যবসায়ীরা নারীদের এ কাজে ব্যবহার করছেন। এসব নারীর বেশির ভাগই দরিদ্র পরিবারের।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, দেশের সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীতে মাদক আনা-নেওয়ার কাজ করছেন অনেক নারী। এমনকি বিমানবন্দর দিয়েও বিদেশি নারীরা মাদক নিয়ে আসছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবি পুলিশ কিছুদিন আগে নারী মাদক ব্যবসায়ীর তালিকা হালনাগাদ করেছে। এতে দেখা যায়, রাজধানীতে বিভিন্ন এলাকার মাদক নিয়ন্ত্রণ করছেন নারীরা।জানা যায়, রাজধানীতে বেশি মাদক বিক্রি হয় কমলাপুর টিটিপাড়া, আগারগাঁওয়ের বিএনপি বস্তি, নীলক্ষেতের বাবুপুরা এবং ভাষানটেক বস্তি। টিটিপাড়ার নারী মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন পারভীন আক্তার ওরফে বেবি। প্রতিদিন সেখানে বিপুল পরিমাণ ফেনসিডিল, হেরোইন ও গাঁজা বিক্রি হয়। নিউমার্কেট থানার ১০০ গজ দূরে নীলক্ষেতের বাবুপুরা বস্তি। পুলিশের নাকের ডগায় প্রতিদিন বিপুল পরিমাণ মাদক বিক্রি হয় এখানে।সরেজমিনে ঘুরে জানা গেছে, নিমতলী এলাকার পারুলের মূল ব্যবসা ফেনসিডিলের। ২০০৫ সালে তিনি বিপুল পরিমাণ মাদকসহ সিআইডির হাতে ধরা পড়েছিলেন। কিন্তু কয়েক দিন পর জামিনে কারাগার থেকে বেরিয়ে আবার মাদকের ব্যবসা শুরু করেন।নিমতলীর অদূরে আনন্দবাজার বস্তি। এখানে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। অভিযোগ রয়েছে, এ বস্তিতে থেকে হেরোইন বিক্রি করেন বানু। আর ফেনসিডিল বিক্রি করেন নাসিমা।একজন নারী মাদক বিক্রেতা প্রথম আলোকে জানান, তাঁরা বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করেন। এর জন্য তৈরি করা হয় বিশেষ সালোয়ার। এই সালোয়ারের দুই পায়ে রয়েছে ২০টি পকেট। এ পকেটগুলো ফেনসিডিলের মাপে তৈরি। পকেটের ওপরের অংশে রাবার লাগানো থাকে, যাতে দৌড় দিলে বোতলগুলো পড়ে না যায়।ওই মাদক বিক্রেতা আরও জানান, ১০০ গ্রামের ওপরে হেরোইন হলে তা আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হয় হাফপ্যান্ট। আর স্পটগুলোতে হেরোইনের পুরিয়াগুলো লুকিয়ে রাখেন শরীরের বিভিন্ন স্থানে।ডিবি পুলিশের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ দলের দক্ষিণ বিভাগের প্রধান জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রাজধানীজুড়ে যেসব নারী মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন, তাঁদের অধিকাংশই ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু গ্রেপ্তার হলেও তাঁরা আদালত থেকে সহজে জামিন পেয়ে এই লাভজনক ব্যবসায় জড়িয়ে পড়েন। এ কারণে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে করা গেলেও পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না।ডিবি পুলিশের উত্তর বিভাগের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার সাদিরা খাতুন প্রথম আলোকে বলেন, সাধারণত অভিযান ও তল্লাশির মুখে পড়তে হয় না বলে নারীরা মাদক বহন ও ব্যবসাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত মনে করেন। স্বামীরা তাঁদের এ কাজে সহায়তা করছেন। মূলত বড় মাদক ব্যবসায়ীরা তাঁদের এই পথে নিয়ে আসেন। তবে এ ব্যবসায় জড়িয়ে অনেক অর্থের মালিক হলেও ওই নারীদের চালচলনে আভিজাত্যের ছাপ নেই।সাদিরা খাতুন আরও জানান, গত ২৯ জানুয়ারি কারওয়ান বাজারের রেললাইনে বিপুল পরিমাণ গাঁজাসহ মনোজা নামের এক নারী গ্রেপ্তার হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে দেড় বছরের কারাদণ্ড দেন। কিছুদিন আগে তিনি হাইকোর্ট থেকে জামিন বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।পুলিশ কর্মকর্তাদের এসব যুক্তির পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ, থানার পুলিশকে মাসোহারা দিয়ে নারীরা নির্বিঘ্নে মাদক ব্যবসা করে যাচ্ছেন। পুলিশ তৎপর হলেই মাদকের আখড়া নির্মূল করা সম্ভব।ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে থানা ও ফাঁড়ির কনস্টেবল-পর্যায়ের পুলিশের সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে চাকরিচ্যুত করা হবে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের বাসা থেকে হেরোইন ব্যবসায়ী বিউটি চৌধুরীকে গ্রেপ্তার করেছিলেন। তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। তিনি মোহাম্মদপুরের ডি ব্লকের ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর রোড এবং আজম রোড, জাকির হোসেন রোড, কাজী নজরুল ইসলাম রোড এলাকায় মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত।চলতি বছরের ২২ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিএসডি গোডাউন এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও দুই সহযোগীসহ পিয়ারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।গত ২৮ এপ্রিল পুলিশ কদমতলী থানার মুরাদপুর হাইস্কুল রোডের এক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী রিনা বেগম (৩৫) ও জানু বেগমকে (৬০) গ্রেপ্তার করে। এভাবে প্রায়ই মাদকসহ নারীদের গ্রেপ্তারের ঘটনা বাড়ছে।