মাদক ব্যবসায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় ফেনসিডিল রেখে মাদকদ্রব্যের ব্যবসা করায় সিলেটে স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক আইনে দায়ের করা মামলার রায়ে আজ বুধবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজিম আহমেদ এ আদেশ দেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সিলেটের জকিগঞ্জের সেনাপতিরচক গ্রামের বাসিন্দা দুদু মিয়া (৩০) ও তাঁর স্ত্রী স্বপ্না বেগম (২৫), একই উপজেলার শিতলজুরা গ্রামের আখলেছুর রহমান (৪৫), সুলতানপুরের মো. মইনুল (২৮), সেনাপতিরচকের আবদুর রহমান (৪৫)। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া পাঁচজনই কারাবন্দী।রায়ের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ২৯ জুলাই দুপুরে সিলেট নগরের ইসলামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ ৪২৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করে।তাঁদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন সরকার বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর ওই বছরের ৩ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া স্বপ্না বেগমের দুই মাস বয়সী এক শিশুসন্তান থাকায় আদালত মাতৃদুগ্ধ পানকালীন পর্যন্ত ওই শিশুকে মায়ের সঙ্গে কারাগারে রাখার নির্দেশ দেন।