মাদক ব্যবসায়ীদের ছোড়া ইটে পুলিশ কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে মাদক ব্যবসায়ীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।আহত এসআইয়ের নাম শ্রীবাস চন্দ্র দাস। তাঁকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি। তবে মাদক ব্যবসায়ীদের বহনকারী টমটমটি আটক করেছে। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাস একটি মামলা তদন্ত করার জন্য উপজেলার দেড়পাড়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পুলিশ ভ্যানে তিনি ছাড়া দুজন কনস্টেবল ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাস জানতে পারেন সীমান্তের মনতলা-গাবতলী এলাকার দিক থেকে ব্যাটারিচালিত টমটমে করে চার-পাঁচজন যুবক ফেনসিডিল নিয়ে ফুলগাজীর দিকে আসছে। এ সময় পুলিশ পূর্ব নিলক্ষী গ্রামের সড়কের ওপর অবস্থান নেয়। ফেনসিডিল বহনকারী টমটমটি ওই স্থানে আসামাত্র পুলিশ সেটিকে থামার জন্য সংকেত দেয়। টমটম থামার সঙ্গে সঙ্গে পুলিশ ওই যুবকদের তল্লাশি করে। এতে তারা বাধা দেয়। এ নিয়ে তর্কবিতর্ক ও উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়।একপর্যায়ে একজন মাদক ব্যবসায়ী ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাসের মাথা লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এতে তিনি আহত হন। এ সময় মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ মাদক ব্যবসায়ীদের ব্যবহূত টমটমটি আটক করেছে। ফুলগাজী থানায় উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাসকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।