মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া বাজারে মাদক ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার এ সংঘর্ষে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছে। ঘটনাস্থলে একটি ট্রাক থেকে চার বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ট্রাকটি একটি যাত্রীবাহী ভটভটিকে চাপা দিলে একজন নিহত ও সাতজন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া বাজারে একটি ট্রাক যাত্রীবাহী ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটির যাত্রী আওতাপাড়া গ্রামের রাবেয়া খাতুন (৩২) ঘটনাস্থলে নিহত হন। তাঁর শিশুপুত্র সাব্বিরসহ (৬) আরও ছয়জন আহত হয়। তাদের দুজনকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে। পুলিশের ভাষ্যমতে, ওই ঘটনার পরপর ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর একদল মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে এসে ট্রাকে থাকা গাঁজার বস্তাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা আট বস্তা গাঁজা নিয়ে যায়। স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় দাশুড়িয়ার মনিরুল (২০), মনোয়ারসহ (৩০) চারজন আহত হয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখেই মাদক ব্যবসায়ীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের খবর পেয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের ওপরও ইটপাটকেল ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।সংঘর্ষে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাকিম (৪০), কনস্টেবল আল-আমিন (২৬), নুরুল ইসলাম (৩০) ও শাহাদত (৩২) আহত হন। তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।র্যাব কর্মকর্তা আক্তারুল আলম জানান, হামলাকারীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সংঘর্ষে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত চার পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। রাবেয়া খাতুনের মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা গাঁজার মধ্যে দুই বস্তা পাবনা র্যাব কার্যালয়ে ও দুই বস্তা ঈশ্বরদী থানায় রয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।