মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, বিজিবির ৭ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় ৮৯৭ মেইন পিলার থেকে ৯০০ মেইন পিলারের মধ্যবর্তী কালীবাড়ী এলাকায় মাদকদ্রব্যের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে গেন্দুকুড়ি বিওপি ক্যাম্পের টহল দলের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতজন সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবির সদস্যরা ছয়টি গুলি করেন।আহতদের মধ্যে নায়েক রতীশ চন্দ্র পালকে (৪২) প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও বিজিবির একাধিক সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গেন্দুকুড়ি বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যরা গেন্দুকুড়ি সীমান্তের ৮৯৭ থেকে ৯০০ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দেওয়ার সময় একটি টিভিএস মোটরসাইকেল দেখতে পেয়ে থামতে বলেন। এ সময় ওই মোটরসাইকেলের আরোহী গাঁজাভর্তি বস্তা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। এরপর এলাকাবাসীরা টহল দলকে ঘিরে মারধর করে। হামলাকারীরা মোটরসাইকেলসহ আনুমানিক ২০-২২ কেজি গাঁজা জোর করে নিয়ে চলে যায়। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের গুলি করেন।এদিকে রতীশচন্দ্র পালকে আজ দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে যান বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী ও বিজিবির লালমনিরহাট ৩১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন। এ সময় কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী সাংবাদিকদের বলেন, যত বাধাই আসুক, বিজিবির চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে।এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।