মাদককে ‘না’ বলার শপথ নিল স্কাউটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাউটরা শপথ নিয়েছে, নিজেরা কখনো মাদক নেবে না। সমাজের অন্য সব মানুষও যেন মাদক থেকে দূরে থাকে, সে জন্য কাজ করবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তারা দুর্নীতিমুক্ত থাকবে। সুনাগরিক হয়ে মানুষের জন্য আজীবন কাজ করে যাবে।গতকাল বুধবার মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ স্কাউটদের উদ্দেশে বলেন, ‘তোমরা কি কখনো মাদক নেবে?’ স্কাউটরা দীপ্তকণ্ঠে বলল, ‘না’। আবুল কালাম আজাদ এরপর বলেন, ‘হাত তুলে জোরে বলো।’ স্কাউটরা দুই হাত তুলে সমস্বরে ‘না’ বলে জানিয়ে দেয় তাদের অঙ্গীকারের কথা। জাম্বুরির অন্যতম চ্যালেঞ্জ ‘আমার স্বপ্ন’ শীর্ষক মতবিনিময় সভায় স্কাউটরা দুই হাত তুলে মাদক না নেওয়ার অঙ্গীকার করে। গতকাল ছিল অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরির সপ্তম দিন। স্কাউটদের প্রাণচঞ্চল করে তুলতে রোদের দেখা পেয়েছে এ দিন মৌচাকের গজারি বন। তবে শীতে তারা দমে যায়নি। অভিযাত্রা, বন্ধু ও পড়শি, আমার স্বপ্নের মতো কর্মসূচিগুলো তাদের সময়কে আনন্দঘন করে রাখে। গতকাল ছিল সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী পূজাও উদ্যাপন করে জাম্বুরিতে।বিকেলে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘আমার স্বপ্ন’ শীর্ষক মতবিনিময় সভা। এতে লক্ষ্মণাবন্দ ভিলেজের স্কাউটরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি স্কাউটদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সংগঠনবিষয়ক জাতীয় কমিটির সভাপতি এহছানুল হক। সভায় রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট ভুবন দে বলেছে, “প্রথম আলোর শপথের মাধ্যমে আমরা মিথ্যা, মুখস্থ ও মাদককে না বলতে শিখেছি। ওই তিন ‘ম’-এর সঙ্গে আরেকটি ‘ম’ থাকা প্রয়োজন। তা হচ্ছে ‘মামার জোর’। আমরা একেও না বলতে চাই। আর এভাবেই দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ।” রংপুর জিলা স্কুলের স্কাউট এস এম শামসুদ্দিন বলেছে, ‘চিন্তা, কথা ও কাজে মিল থাকলে আমরা এগিয়ে যাব। কাজ করার প্রতি দৃঢ় থাকলেই কেউ আমাদের রুখতে পারবে না।’ বাগেরহাট সেন্ট পলস উচ্চবিদ্যালয়ের স্কাউট রাহুল প্রসাদের বক্তব্য, ‘রাজনৈতিক নেতাদের দুর্নীতি থেকে দূরে থাকা প্রয়োজন। আমরা আর দুর্নীতিতে এক নম্বর দেশ হতে চাই না।’সভায় মতিউর রহমান বলেন, জাম্বুরির এবারের প্রতিপাদ্য দিন বদলে স্কাউটিং। এই বিষয়ের সঙ্গে প্রথম আলো একমত। দেশে ১০ লাখ স্কাউট আছে। সবাই সুনাগরিক হয়ে দেশের পরিবর্তন আনবে। ১০ লাখ স্কাউট একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলে দেশ এগিয়ে যাবে। তবে এ জন্য প্রথমে শুরু করতে হবে নিজেকেই। তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রমে স্কাউটদের সঙ্গে প্রথম আলো একসঙ্গে কাজ করবে।বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘ভালো স্কাউট মানে ভালো নেতা। আমরা মাদকের পাশাপাশি দুর্নীতিকেও না বলার শপথ নেব। সব ন্যায়ের পক্ষে আমরা থাকব।’ বিদেশি স্কাউটরাও চায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ: এ বছর ভারত ও নেপাল থেকে আসা ১৫০ জন স্কাউট ও কর্মকর্তা জাম্বুরিতে অংশ নিয়েছেন। এসব স্কাউটকে মুগ্ধ করেছে দেশের সবুজ বন আর আতিথেয়তা। তাঁদের লক্ষ্য ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। ভারতের মধ্যপ্রদেশ থেকে আসা মনিষ কুমার প্রথম আলোকে বলেছে, ‘দক্ষিণ এশিয়ার মূল সমস্যা মাদক ও সন্ত্রাসবাদ। আমরা এসব থেকে মুক্তি চাই। আর তা বদলাতেই প্রয়োজন বন্ধুত্ব।’ দুপুরে গিয়ে দেখা গেছে, নেপালের স্কাউট শিক্ষক লক্ষ্মী পানতা স্কাউটদের শপথ করাচ্ছেন। শপথে মাদকের ব্যাপারটিই উঠে এল। নেপালের প্রশান্ত ভারতী, বিপল সোয়েস্তা জানাল, তারা মাদক ও সন্ত্রাসবাদকে ঘৃণা করে। নিজেরা তো নয়ই, অন্যরা যেন এসবে না জড়ায়, সে জন্য আজীবন কাজ করতে চায় তারা। সকালে মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের মাঠে স্কাউটদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন, অনুষ্ঠান ব্যবস্থাপক সাইফুল আজিম ও গণিত অলিম্পিয়াড ফেডারেশনের সাধারণ সম্পাদক মুনির হাসান।