মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার
সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির কার্যক্রমের অংশ হিসেবে রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের জন্য আজ ছয়জন সাংবাদিককে ‘মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৩’ দেওয়া হয়েছে। সংবাদপত্র শাখায় ‘দৈনিক বাংলাদেশ সময়’-এর প্রতিবেদক ইকবাল হাসান ফরিদ প্রথম, যশোরের ‘দৈনিক লোকসমাজ’-এর প্রতিবেদক মোস্তফা রুহুল কুদ্দুস দ্বিতীয় এবং ‘সাপ্তাহিক কাগজ’-এর প্রতিবেদক রাহাত মিনহাজ তৃতীয় পুরস্কার পেয়েছেন। টেলিভিশন ও রেডিও শাখায় এসএ টিভির নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ পারভেজ প্রথম, এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক শাহনাজ শারমীন দ্বিতীয় এবং বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার দীপু সারোয়ার তৃতীয় পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারী ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীর প্রত্যেকে ২০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট পেয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় প্রথম আলোর কার্যালয়ের (সিএ ভবন) দশম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ ও নাট্যশিল্পী আসাদুজ্জামান নূর বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। মাদকমুক্ত সমাজের সচেতনতার প্রতি জোর দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, নাটক, খেলা, কম্পিউটার, কবিতা ও চলচ্চিত্রের মতো কাজে আগ্রহ থাকলে নেশা ও মাদকের মতো সমস্যা সমাজ থেকে দূর হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, দুই সহযোগী সম্পাদক আনিসুল হক ও আব্দুল কাইয়ুম, প্রথম আলো ট্রাস্টের আজিজা আহমেদ ও ফেরদৌস ফয়সাল।প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সদস্য ছিলেন ‘ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, উন্নয়ন ও মিডিয়াকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন।