মাদকসংক্রান্ত অপরাধ আট বছর ধরে শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যার দিক থেকে মাদকসংক্রান্ত অপরাধ অন্য সব ধরনের অপরাধকে ছাড়িয়ে গেছে। আট বছর ধরে পুলিশের খাতায় এটি দেশের প্রধান অপরাধ। আর গত ১০ বছরে এ ধরনের অপরাধ প্রায় পাঁচ গুণ বেড়েছে। এর আগে অপরাধের শীর্ষে ছিল বিভিন্ন ধরনের চুরি। পুলিশের গত ১০ বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।পর্যালোচনায় দেখা যায়, সারা দেশে অপরাধের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে নারী নির্যাতন। নারী নির্যাতন প্রতিরোধে আইন, আইনের প্রয়োগ, নানা সচেতনতামূলক উদ্যোগ সত্ত্বেও ১০ বছর ধরেই নারী নির্যাতন কমছে না।২০০৮ সাল থেকে অপরাধের তালিকায় নতুন যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর অপরাধ বা সাইবার ক্রাইম। পরিসংখ্যান বলছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ব্যক্তিগত ই-মেইল হ্যাকিং, শেয়ারবাজারকে প্রভাবিত করা এবং সামাজিক যোগাযোগের নেটওয়ার্কের মাধ্যমে নানা অপরাধ দিন দিন বাড়ছে।গত ১০ বছরে ডাকাতি, দস্যুতা, খুন, চাঁদাবাজি, যানবাহন চলাচলে বাধা, ছিনতাই, ত্রাস সৃষ্টি করার মতো অপরাধে হওয়া মামলার সংখ্যায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি। দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনা পুলিশের হিসাবে সবচেয়ে বেশি ঘটেছে চারদলীয় জোট সরকার ক্ষমতা গ্রহণের প্রথম বছর, ২০০১ সালে। মামলার হিসাবে ওই বছর এ ধরনের অপরাধ ঘটেছিল ১৮টি। আর পরবর্তী দুই বছর এ ধরনের ঘটনায় মামলা হয়েছে চার থেকে ছয়টি। যদিও বাস্তবে দরপত্র জমা নিয়ে সন্ত্রাসের ঘটনা ঘটেছে অনেক। তবে জোট সরকারের চতুর্থ বছরে আবারও দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় মামলার সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়ায়।একইভাবে গত ১০ বছরের মধ্যে ২০০১ সালে সবচেয়ে বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার সংখ্যা ছিল ৭৯টি। পুলিশের হিসাবে, ২০০৮-এ একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি। তবে গত বছর ১০টি রাজনৈতিক হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশের পরিসংখ্যানে উল্লেখ আছে।মাদকের মামলা এবং...: পুলিশের মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, ২০০০ সালে সারা দেশে বিভিন্ন থানায় হওয়া মোট মামলার মধ্যে পাঁচ হাজার ৬৭১টি ছিল মাদকসংক্রান্ত। ওই বছর রুজু করা মামলার সংখ্যায় অপরাধের শীর্ষে ছিল চুরি—সারা দেশে আট হাজার ৩৫৬টি। ২০০৯-এ চুরির ঘটনা বেড়ে ১২ হাজার ১৮৮টিতে উন্নীত হলেও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনা ঘটে ২৪ হাজার ২৭২টি। এর পর থেকে এখন পর্যন্ত পুলিশের খাতায় মাদকসংক্রান্ত অপরাধই দেশের প্রধান অপরাধ।পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, পুলিশের আভিযানিক তৎপরতা বাড়ার কারণে মাদকসংক্রান্ত মামলা বেড়েছে। মাদক উদ্ধার হলেই কেবল এ ধরনের মামলা হয়ে থাকে। এটি একটি ভালো লক্ষণ।তবে আভিযানিক তৎপরতা বাড়ার বিষয়ে একমত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন, গত পাঁচ বছরে মাদকের ব্যবহার ১০ গুণ পর্যন্ত বেড়েছে। সে তুলনায় যে তৎপরতা চলছে, তা যথেষ্ট নয়। তাঁরা বলছেন, শুধু যে অপরাধের সংখ্যা বেড়েছে তা-ই নয়, মাদকের তালিকায় ইয়াবা, কিটামিনের মতো নতুন নতুন মাদকের অনুপ্রবেশ ঘটেছে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী, অধিদপ্তরের কর্মী ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতা প্রকট। এই বাহিনীগুলোর অনেকেই মাদক নিয়ন্ত্রণ না করে বরং প্রসারে সহযোগিতা করছে। পাশাপাশি সীমান্তের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে নিয়ন্ত্রণহীনভাবে ফেনসিডিল কারখানা গড়ে উঠেছে, চোরাচালান হচ্ছে।তবে অধিদপ্তরের সহকারী মহাপরিচালক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘মাদকের ব্যবহার কমানো না গেলে উদ্ধারজনিত মামলার সংখ্যাও কমবে না। তরুণ-যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আর মাদক ব্যবসা কমাতে হবে যুবকদের কাজের সুযোগ করে দিতে হবে।’নারী নির্যাতন কমছে না: পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালে ধর্ষণ, এসিড নিক্ষেপ, গুরুতর আহত ও অন্যান্য ভাবে মোট ৯২০টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল সারা দেশে। কিন্তু গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯০৪। নতুন করে বখাটেপনা যুক্ত হয়েছে অপরাধের তালিকায়।বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ক্ষেত্রে নারীরা আইনের আশ্রয় নিলে তাদের নাজেহাল হতে হচ্ছে। ফলে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটছে, ঠিক ততগুলোও মামলা হচ্ছে না। যেমন, গত বছর বিভিন্ন সংবাদপত্রে ৩০৮টি ধর্ষণের ঘটনার খবর ছাপা হয়েছে। কিন্তু পুলিশের খাতায় মামলা হয়েছে মাত্র ১২২টি।সাইবার ক্রাইম নতুন সংযোজন: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-এর ৬৩ ধারায় গোপন ও ব্যক্তিগত ঘটনার দৃশ্যায়ন ও প্রচার দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হলেও নারীরা এ ধরনের অপরাধের শিকার হচ্ছে। এ বছর পিরোজপুর ও ফরিদপুরে এমন ঘটনায় মামলা হয়েছে। প্রধানত র‌্যাব এ ধরনের অপরাধ নিয়ে কাজ করে। র‌্যাবের সাইবার ক্রাইম প্রতিরোধবিষয়ক উইং ইন্টেলিজেন্সের পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন, তাঁরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগ পান। এ ছাড়া শেয়ারবাজারে অবৈধ হস্তক্ষেপ করার কাজেও ইন্টারনেট ব্যবহূত হচ্ছে। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটছে। তিনি মনে করেন, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি পৌঁছে যাচ্ছে। ফলে এ ধরনের অপরাধ বাড়ার আশঙ্কাও বাড়ছে। তাই এই অপরাধ নিয়ন্ত্রণে আইন জোরদার করতে হবে। পরিস্থিতি মোকাবিলায় আরও প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে।