মাদকসেবীদের চিকিৎসা দেওয়ার আইন
মাদক প্রতিরোধ করার জন্য রয়েছে নানা আইন। কিন্তু যারা এরই মধ্যে মাদকে আক্রান্ত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন সুচিকিৎসা। মাদক ব্যবহারকারীদের চিকিৎসা সম্পর্কে বলা আছে মাদক নিয়ন্ত্রণ আইনে।সরকার মাদকাসক্তি পরামর্শকেন্দ্র, নিরাময়কেন্দ্র ও পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারবে। আইনানুযায়ী,লাইসেন্সবলে বেসরকারি পর্যায়েও মাদকাসক্তি পরামর্শকেন্দ্র, নিরাময়কেন্দ্র, পুনর্বাসনকেন্দ্র প্রতিষ্ঠা করা যাবে।সরকার হাসপাতালসহ কোনো সরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রকে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র হিসেবে ঘোষণা দিতে পারে। মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা যদি জানতে পারেন—যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত হওয়ার কারণে প্রায়ই অপ্রকৃতিস্থ থাকে, তাহলে তিনি মাদক ব্যবহারকারীকে লিখিত নোটিশ দেবেন চিকিৎসার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।যদি মাদকাসক্ত ব্যক্তি মাদক নিরাময়কেন্দ্রে না যায় বা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করে, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে চিকিৎসার জন্য নির্দেশ দিতে পারবেন।মাদকাসক্ত ব্যক্তি বুঝতে অক্ষম হলে তার অভিভাবককে নির্দেশ দেওয়া যাবে তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসার জন্য। মাদকাসক্ত ব্যক্তি বা তার অভিভাবক নোটিশ দেওয়ার পরও চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে নোটিশ প্রদানকারী কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট বা মুখ্য মহানগর হাকিমের কাছে মাদকাসক্ত ব্যক্তির বাধ্যতামূলক চিকিৎসার নির্দেশ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। বাধ্যতামূলক চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। চিকিৎসা গ্রহণ শেষে মাদকাসক্ত ব্যক্তি যদি সুস্থ জীবনে ফিরে আসে, তাহলে সে কিছু শর্ত সাপেক্ষে মাদক মামলা থেকে অব্যাহতি পাবে ।