মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে
রাজধানীর মিরপুরে গতকাল শনিবার রাতে মাদকসেবী ছেলে তার বাবা এস এম আবদুল খালেককে (৬৫) পিটিয়ে হত্যা করেছে। খালেক বিমানবাহিনীর সাবেক ফ্লাইট সার্জেন্ট।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ খালেকের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও নিহত খালেকের পারিবারিক সূত্র জানায়, বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের ১০ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির (পাঁচতলা বাড়ি) মালিক। খালেক স্ত্রী এবং দুই ছেলে সজীব ও রাজিবকে নিয়ে বাড়ির তৃতীয় তলায় থাকতেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাদকাসক্ত মাহমুদুল হাসান সজীব তার বাবা খালেকের মাথায় রড দিয়ে আঘাত করে। এ সময় তিনি লুটিয়ে পড়লে সজীব ও রাজিব বাবা খালেককে এলোপাতাড়ি পেটায়। গুরুতর অবস্থায় তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।খালেকের স্বজনেরা জানান, স্ত্রী ও দুই সন্তানের অসদাচরণে খালেক অতিষ্ঠ ছিলেন। অবাধ্য সন্তানেরা বাবাকে দিনের পর দিন অপমান করে আসছিল। সজীবের মাদক কেনার টাকা দিতে খালেককে তাঁর স্ত্রী চাপ দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় দুই সন্তানই বাবার ওপর ক্ষিপ্ত ছিল।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, গতকাল রাতে খালেকের সঙ্গে তাঁর স্ত্রীর কথাকাটাকাটি হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে দুই ছেলে সজীব ও রাজিব তাদের বাবাকে পিটিয়ে হত্যা করে। সজীব ও রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মা সুফিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি জানান, গ্রেপ্তার হওয়া সজীব ফেনসিডিল ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিল। সজীব নিজিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করছে।