মাদকাসক্ত বড় ভাই খুন করলেন ছোট ভাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১২ নম্বরে মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। নিহত মোহাম্মদ মামুন (১৮) পোশাকশ্রমিক ছিলেন। আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনা সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, নিহত মামুন বাবা-মায়ের সঙ্গে মিরপুর ১২ নম্বরের জি ব্লকের ২৫ নম্বর সড়কের ৮ নম্বর বাসায় থাকতেন। আজ বেলা ১১টার দিকে মামুনের বড় ভাই মাদকাসক্ত সোহেল (২৫) মাদক কেনার জন্য তাঁর কাছে টাকা চান। মামুন টাকা না দেওয়ায় সোহেল উত্তেজিত হয়ে পড়েন। প্রথমে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল বাসার রান্নাঘর থেকে ছুরি এনে মামুনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা ছুরিসহ সোহেলকে আটক করে। আর মামুনের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।