মাদকাসক্ত যুবকের কাণ্ড...
মাদকের টাকা না দেওয়ায় আজ শনিবার কদমতলীর পূর্ব জুরাইনে মাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিয়েছেন এক মাদকাসক্ত যুবক। গুরুতর আহত মা রহিমা বেগমকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের নাম রুমন হোসেন। তাঁকে (২২) পুলিশে সোপর্দ করা হয়েছে।রুমনের বাবা আশরাফ মুন্সি সাংবাদিকদের জানান, তিনি পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে কদমতলীর পূর্ব জুরাইনের একটি একতলার বাসায় থাকেন। পাঁচ সন্তানের মধ্যে রুমন দ্বিতীয়। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। আজ সকালের দিকে সে তাঁর (আশরাফ) কাছ থেকে মাদক কেনার জন্য ৫০০ টাকা চায়। এতে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রুমন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। বেলা দুইটার দিকে সে বাসায় ফিরে তার মা রহিমার কাছ থেকে আবারও টাকা চায়। তার মাও অস্বীকৃতি জানিয়ে পারিবারিক কাজ করতে ছাদে যান। এ সময় তার পিছন পিছন ছাদে যায় রুমন। একপর্যায়ে ওর মাকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেয় রুমন। রহিমার চিত্কার শুনে তিনিসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে রুমনকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে রুমনকে আটক করে থানায় নিয়ে যায়। রহিমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, রুমনকে থানাহাজতে রাখা হয়েছে। তবে রাত আটটা পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।