মাদকাসক্ত যুবকের হাতে আহত বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা এলাকায় মাদকাসক্ত যুবকের হাতে আহত কালু আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতের পারিবারিক সূত্র জানায়, কালু আকন্দের বাড়ি পিরোজপুর। তিনি গত রোববার ঢাকার রামপুরায় তাঁর ছেলে রুস্তম আকন্দের বাসায় বেড়াতে আসেন। পরদিন সোমবার মাদকাসক্ত সুমন একটি ঘটনার জের ধরে রুস্তম আকন্দের ফুফু পিয়ারা বেগমকে মারতে তাঁর বাসায় যায়। এ সময় সুমনের বোন মুনিরা পিয়ারা বেগমকে রক্ষা করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তার বোনের গলা টিপে ধরে। এ সময় কালু আকন্দ মুনিরাকে রক্ষা করতে গেলে সুমন তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারে। এতে তিনি অচেতন হয়ে পড়ে যান। ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। নিহতের ছেলে রুস্তম জানান, সম্প্রতি তাঁর ফুফাতো বোনের বান্ধবী চম্পার সঙ্গে প্রতিবেশী সুমনের বিয়ে হয়। সুমন মাদকাসক্ত হওয়ায় বিয়ের অল্প কিছুদিন পরই চম্পা অন্যত্র চলে যান। সুমন রুস্তমের ফুফু পিয়ারা বেগমকে চম্পার খোঁজ দিতে বলে। আর তাঁর খোঁজ দিতে না পারায় সুমন পিয়ারা বেগমের ওপর হামলা চালাতে তাঁর (রুস্তম) বাসায় আসে। সুমনের বোন মুনিরা জানান, তাঁর ভাই সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাঁকে স্থানীয় একটি মাদক নিরাময় কেন্দ্রেও চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু সে মাদক ছাড়েনি। মাদক গ্রহণ করে মাতাল হয়ে সে প্রায় সময় পরিবারের সদস্যদের মারধর করত বলে তিনি জানান। যোগাযোগ করা হলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।