মাদকাসক্ত স্বামীর ঘর ছেড়েও বাঁচতে পারলেন না বেলি
মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে বাঁচতে চেয়েছিলেন গার্মেন্টসকর্মী বেলি বেগম (২০)। কিন্তু শেষ রক্ষা হলো না তাঁর। গতকাল রোববার সকালে কল্যাণপুরে প্রকাশ্যে মাদকাসক্ত আনিসুর রহমান দা দিয়ে কুপিয়ে বেলিকে ক্ষতবিক্ষত করেছেন। এ সময় আশপাশের লোকজন আনিসুরকে আটক করে গণধোলাই দিয়ে র্যাবের কাছে সোপর্দ করে। বেলি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে গার্মেন্টসকর্মী বেলি বেগম দারুসসালাম সড়কে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তালাক দেওয়া স্বামী আনিসুর কল্যাণপুর ৮ নম্বর সড়কে দা নিয়ে বেলির ওপড় চড়াও হন। আনিসুর দা দিয়ে বেলিকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর মাথা থেকে পা পর্যন্ত ক্ষতবিক্ষত করেন। বেলির চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে আনিসুরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা এসে জনরোষ থেকে আনুিসরকে উদ্ধার করেন। পরে তাঁকে মিরপুর থানায় সোপর্দ করা হয়।গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, নিস্তেজ হয়ে পড়া বেলিকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁর পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ডেজ। বিছানার পাশে মা মনোয়ারা বেগম মেয়ের জন্য বুক চাপড়ে কাঁদছেন। চিকিত্সকেরা জানালেন, বেলির শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। তাঁকে বাঁচাতে হলে রক্ত দেওয়া দরকার। কান্নাজড়িত কণ্ঠে মনোয়ারা বেগম বলেন, দেড় বছর আগে কল্যাণপুর পোড়াবস্তির বাসিন্দা সোহরাব মিয়ার ছেলে ভাঙাড়ি ব্যবসায়ী আনুিসর রহমানের সঙ্গে বেলির বিয়ে হয়। ব্যবসায়ী জেনেই মেয়েকে আনিসুরের কাছে বিয়ে দিয়েছিলেন। তখন জানতেন না আনিসুর মাদকাসক্ত। বিয়ের কিছু দিন না যেতেই আনিসুর মাদক কেনার টাকার জন্য বেলিকে মারধর শুরু করেন। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় দেড় মাস আগে বেলি আনিসুরকে তালাক দিয়ে কল্যাণপুরে ১২ নম্বর সড়কে ভাড়া বাসায় তাঁর সঙ্গে থাকেন। কিছু দিন ধরে বেলিকে ফেরত নিতে আনিসুর বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিলেন। কিন্তু আনিসুরের ঘরে ফিরে যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত আনিসুর দা নিয়ে বেলিকে কুপিয়ে জখম করেন। হামলার সময় আনিসুরের সঙ্গে এক নারী ছিল। ঘটনার পর সে পালিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, র্যাব সদস্যরা আনিসুরকে থানায় সোপর্দ করার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।