মাদকাসক্ত স্বামীর ঘর ছেড়েও রক্ষা পাননি শিউলি
মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে নির্যাতন থেকে বাঁচতে চেয়েছিলেন গৃহবধূ শিউলি আক্তার (২৭)। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ শনিবার মাদকাসক্ত তাঁর স্বামী সেলিম মিয়া তেজগাঁওয়ের বাসায় ঢুকে কাচের টুকরা দিয়ে তাঁকে ক্ষতবিক্ষত করেছেন। আহত শিউলি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।শিউলির পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সেলিম তেজগাঁওয়ের স্টেশন রোডের বাসায় যান। তিনি শিউলিকে একের পর এক কিল ঘুষি ও লাথি মারেন। অচেতন হয়ে পড়লে সেলিম কাচের টুকরা দিয়ে শিউলির শরীরে আঘাত করে পালিয়ে যান। আহত শিউলিকে স্বজনেরা প্রথমে স্থানীয়ভাবে চিকিত্সা করান। পরে অবস্থার অবনতি হলে রাত নয়টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।শিউলির মা রহিমা খাতুন বলেন, ১২ বছর আগে পিকআপ চালক সেলিমের সঙ্গে শিউলির বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এক ছেলে আছে। এক বছর আগে সেলিম না জানিয়ে আরেকটি বিয়ে করেন। সম্প্রতি বিয়ের কথা জানাজানি হলে শিউলি এর প্রতিবাদ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। কিছুদিন পর সেলিম মাদকাসক্ত হয়ে পড়ে। মদ ও গাঁজা সেবন করে তাঁর মেয়েকে মারধর শুরু করে। নির্যাতন থেকে রেহাই পেতে সেলিমকে তালাক দেন শিউলি। এরপর শিউলি সন্তানদের নিয়ে তাঁর সঙ্গে তেজগাঁও স্টেশন রোডের বাসায় ওঠে। কিছুদিন থেকে শিউলিকে ফিরিয়ে নিতে চাইলে তিনি রাজি হননি। এ জন্য তাঁকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এর জের ধরেই সেলিম আজ শিউলিকে নির্যাতন করেন।