‘সন্তানহারা মায়ের কষ্ট সন্তানহারা মা-ই বোঝেন। আমার মতো যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়।’ কথাগুলো বললেন নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের রমলা বেগম (৭০)। তাঁর ছেলে রিপন (২৫) হেরোইনে আসক্ত হয়ে ২০০৬ সালের ১০ ডিসেম্বর মারা যান।ডোমার উপজেলায় মাদকাসক্ত হয়ে অকালে ঝরে যাচ্ছে সম্ভাবনাময় তরুণেরা। দিন দিন এ সংখ্যা কেবল বাড়ছে। সর্বস্বান্ত হচ্ছে বহু পরিবার।প্রয়াত রিপনের বড় ভাই আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই বন্ধুবান্ধবের সঙ্গে মিশে হেরোইনে আসক্ত হয়ে পড়ে। আমি তাকে স্বাভাবিক করতে আটবার পুলিশি হেফাজতে দিয়েছি; কিন্তু কাজ হয়নি। মাদকাসক্ত হয়ে গত দু-তিন বছরে রিপনের আরও চার বন্ধু মারা গেছে। আবার অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে।’উপজেলা সদরের কয়েকজন বাসিন্দা জানান, বাসস্ট্যান্ড, পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় যত্রতত্র ফেনসিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা যায়।ডোমারে মাদকের বিস্তার রোধে প্রায় চার বছর আগে গঠন করা হয় পাঠানপাড়া জামে মসজিদ মাদক প্রতিরোধ কমিটি। এই কমিটির সদস্য সেলিম রেজা বলেন, ‘মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য আমরা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি।’ তিনি জানান, শহরের চার-পাঁচ জায়গায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হয়। এ ছাড়া ফোনের মাধ্যমে মাদক কেনাবেচা হয়। প্রশাসন ক্রেতা-বিক্রেতাদের চেনে, কিন্তু ধরে না। তিনি বলেন, হেরোইন এখন স্বল্প আয়ের বা নিম্নবিত্ত পরিবারের মাদকাসক্তরা সেবন করে। অভিজাত পরিবারের মাদকাসক্তরা খায় ফেনসিডিল; যার প্রতি বোতলের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা। আর গাঁজা সেবন করে সব শ্রেণীর মানুষ।অভিভাবকদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না উল্লেখ করে সেলিম রেজা ক্ষোভের সঙ্গে বলেন, উপজেলা সদরের ৮০ শতাংশ পরিবার মাদকের ছোবলে আক্রান্ত। অথচ তারা মুখ খুলতে চায় না। অভিভাবকেরা সচেতন না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, ‘আমার জানামতে, দুজন মাদকাসক্ত মারা গেছে। নিঃস্ব ও মানসিক ভারসাম্যহীন হয়েছে বেশ কয়েকজন। মাদকাসক্তি বাড়ায় ছিঁচকে চুরিও বেড়েছে।’ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, ‘আমি নিজেই রাস্তায় টহল দিই। মাদকাসক্ত বা বিক্রেতাকে পেলে প্রকাশ্যে শাস্তি দিই। একদিন ৮০ বছরের বৃদ্ধসহ ২৩ জন মাদকাসক্তকে একটি ঘরে আটকে পিটিয়েছি, তওবা করিয়েছি। তাই আমার এলাকায় মাদক কেনাবেচা অনেক কমেছে। এখন উপজেলার সুন্দরখাতা ও শৈল্যার ঘাট এলাকায় মাদক কেনাবেচা হয়।’ তিনি অভিযোগ করেন, দু-এক বোতল ফেনসিডিলসহ কাউকে পুলিশে দিতে চাইলে পুলিশ নিতে চায় না। ধরে থানায় দেওয়ার পর সব শেষ হয়ে যায়।ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বলেন, ‘গত বছর মাদক সেবনকারী ও বিক্রেতা আলী, মিজানুর, ক্লান্তিসহ নয়জনকে মাদকদ্রব্যসহ আদালতে সোপর্দ করা হয়। তারা আদালত থেকে জামিনে বেরিয়ে আবারও বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। এলাকাবাসী তাদের বিরুদ্ধে অভিযোগ করলে আমরা তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিই।’ তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে।মাদকের বিস্তারের সত্যতা স্বীকার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক সফিকুল ইসলাম ৭ জানুয়ারি প্রথম আলোকে বলেন, শুধু ডোমার নয়, গোটা জেলায় বিচ্ছিন্নভাবে মোবাইল ফোনের মাধ্যমে মাদক কেনাবেচা হচ্ছে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। জনবল কম হওয়ায় ও যানবাহনের অভাবে কাজ করতে অসুবিধা হয় উল্লেখ করে তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত এই কার্যালয়ে তিনজন সিপাই, একজন উপপরিদর্শক (এসআই) ও একজন পরিদর্শককে গোটা জেলায় কাজ করতে হয়। তিনি জানান, তিনি নয় মাস আগে এই কার্যালয়ে যোগ দেওয়ার পর ফেনসিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছেন এবং প্রতি মাসে গড়ে চারটি করে মামলা করেছেন।