মাদকাসক্তদের উৎপাতে অতিষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান-উপাসনালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদকসেবীদের উৎপাত মারাত্মক বেড়ে গেছে। এলাকায় বেড়ে গেছে চুরি-ছিনতাই। মাদকাসক্তদের উৎপাত থেকে বাসা-বাড়ি হাট-বাজারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয়ও রেহাই পাচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড, দিঘীরপাড়, কুমারখালী, হবিবপুর, হাসপাতাল এনায়েতনগর পয়েন্ট, হবিবনগর, ইকড়ছইসহ উপজেলার বিভিন্ন কলোনিতে মাদক ব্যবসা ও মাদকসেবীদের আস্তানা গড়ে উঠেছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জগন্নাথপুরে মাদকবিক্রেতার তালিকা বেশ দীর্ঘ। শহরের কমপক্ষে পঞ্চাশটি স্পটে মদ-গাঁজা বিক্রি হয়। এ ছাড়া হেরোইনের মতো মরণনেশা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। শহরে হেরোইন বিক্রির কয়েকজন ডিলার আছে। তাদের মাধ্যমে হেরোইন বিক্রি হয়। এলাকায় মদ-গাঁজা-হেরোইন সহজলভ্য হওয়ায় তরুণ ও যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এসব মাদকসেবী নেশার টাকা জোগাড়ে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিন্দ্র সূত্রধর জানান, গত এক বছরে বিদ্যালয়ে কমপক্ষে পনের-বিশ বার চুরি হয়েছে। তাঁর মতে, এসব চুরির সঙ্গে মাদকসেবীরা জড়িত। তিনি জানান, সম্প্র্রতি বিদ্যালয়ের ফ্যান, ঘণ্টাসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়। এসব চুরির কথা থানায় জানানো হলেও কোনো কাজ হয়নি।একই অনুযোগ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতিফের। তিনি জানান, একাধিকবার বিদ্যালয়টিতে চুরি হয়েছে। বিদ্যালয়ের আসবাবপত্র, ফ্যানসহ তাঁর ব্যবহূত মুঠোফোনটিও সুযোগ পেয়ে টেবিল থেকে চুরি করে চোরেরা।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ রকম চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাদকের বিস্তার এত ভয়াবহ আকার ধারণ করছে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও মাদকসেবীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এমনকি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়েও বেশ কয়েকবার চুরি হয়েছে। অফিসের টেলিফোন লাইন, কারেন্টের তার কেটে নিয়ে গেছে এসব মাদকসেবী চোর। ওদের কোনো বাছবিচার নেই। টেলিফোনের তার কিনতে কিনতে আমি হয়রান হয়ে গেছি। এ ছাড়া আমার অফিসসংলগ্ন বিএডিসির পরিত্যক্ত ভবনটিতে দিনেদুপুরে মাদকসেবীদের আখড়া বসে। এসব বিষয় নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার পুলিশের সহয়োগিতা চেয়েছিলাম। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে।’উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব বণিক বলেন, ‘সাম্প্র্রতিককালে এলাকার প্রায় সব কটি দেবালয়ে চুরি হয়েছে। এটা মাদকসেবীদের কাজ বলে আমাদের ধারণা।’জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়ী এলাকার বাসিন্দা শিক্ষক অরূপ সরকার বলেন, ‘মাদকসেবীদের উৎপাতে আমরা অতিষ্ঠ। কয়েক দিন আগে আমাদের এলাকার এক মহিলা সকালে পুকুরে গেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড় দেয় এক মাদকসেবী। এভাবেই প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছে এলাকাবাসী।’জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ডা. আবদুল আহাদ বলেন, ‘বাজারে চুরি বন্ধ করতে পাহারাদার রাখা হয়েছে। এর পরও কোনো কাজ হয় না। মাদকের বিস্তার বন্ধ করতে পারলে এসব চুরি-ছিনতাই রোধ করা সম্ভব।’জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সুফিয়ান বলেন, ‘মাদক জগন্নাথপুর পৌরসভার অন্যতম সমস্যা। মাদকাসক্তরা চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয়, বাড়ি-ঘর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে আমাদের ভোগান্তিতে ফেলছে।’জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দীন মাদকসেবীরা চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত একথা স্বীকার করে বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। এ অভিযান আরও জোরদার করা হবে।’উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘মাদক এ এলাকার অন্যতম সমস্যা। এ পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। পুলিশ প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলেছি।’ এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতন জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।