মাকে রান্নাঘরে আটকে রেখে পাশের ঘরে কুপিয়ে মারা হয়েছিল কিশোর মেহেদী হাসান ওরফে হূদয়কে। ওই দিনের কথা জানতে চাইলে তাঁর মা হেনা বেগম কোনো কথা না বলে অঝোরে কাঁদতে শুরু করেন। কান্নারও শেষ আছে। একপর্যায়ে প্রশ্ন ছুড়ে দিলেন, বন্ধুরা বন্ধুকে খুন করে কীভাবে?হেনা বেগমের প্রশ্নটা সহজ, উত্তর যে অজানা!উত্তর জানতে পুলিশের শরণাপন্ন হলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ‘হ্যাঁ, হূদয় ও তার খুনিরা একই সার্কেলের। শুনেছি পুরো সার্কেলটাই মাদকাসক্ত। মাদকের টাকা সংগ্রহ নিয়ে খুনোখুনির ঘটনা ঘটতে পারে।’তবে মা হেনা বেগমের ভাষ্য, মাদক নয়, মোটরসাইকেল নিয়ে তুচ্ছ ঝগড়ার কারণে খুন হয়েছে ছেলেটা। তিনি জানান, হূদয়ের মোটরসাইকেল নিয়ে প্রায়ই মাহবুবুল আলম ওরফে ম্যানসেলের ছেলেরা ছিনতাইয়ে বের হতো। উদ্দেশ্য, মাদকের টাকা জোগাড় করা। একদিন দুর্ঘটনায় মোটরসাইকেলটির যথেষ্ট ক্ষতি হলে ওদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর ম্যানসেলকে মোটরসাইকেল ধার দেওয়া বন্ধ করে দেয় হূদয়। এ ছাড়া হূদয়ের বাড়ির পেছন দিকের বস্তিতে জুয়ার আসর বসায় তুহিন। হূদয় এখানেও বাধ সাধে। হূদয়ের মায়ের ধারণা, এ কারণেই ম্যানসেল ও তুহিন মিলে খুন করায় তাঁর ছেলেকে। তিনি জানান, নজু, ডলার, পলাশ, ঝন্টু, বনি, মামুন, পচা ও রবিউল এসেছিল খুন করতে।ম্যানসেলের মোটরসাইকেল: পুলিশ আটক করার পর জামিনে বেরিয়ে এসেছে ম্যানসেল। এখন সে হলুদ রঙের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চালায়। ম্যানসেল খুশি মনে প্রথম আলোকে জানায়, মোটরসাইকেলটি তাঁকে দিয়েছেন সাংসদ খালেদুর রহমান টিটোর বড় ছেলে মাশুক হাসান ওরফে জয়। অবশ্য মাশুক হাসান কাউকে মোটরসাইকেল কিনে দেননি বলে দাবি করেন।ছিনতাই প্রতিদিন: হূদয়ের বাসা থেকে ফেরার পথে রেলস্টেশনের ওভারব্রিজ থেকে নেমেই দেখা গেল, মানুষের জটলা। তখন রাত ১০টা। কী ব্যাপার? জানা গেল, এখান থেকেই একটা মোবাইল ফোনসেট ছিনতাই করে নিয়ে গেছে নজু ও ডলার। চট করে মনে এল, হূদয়ের খুনিদের মধ্যে এ দুটি নামও রয়েছে। ভিড়ের মধ্যে কেউ একজন মোবাইল ফোনটি ফেরত পেতে ম্যানসেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিলেন।দড়াটানার মোড়ে স্থানীয় সাংবাদিকদের আড্ডায় ছিনতাইয়ের ঘটনাটি বলতেই একজন বললেন, এটা যশোরের প্রতিদিনকার চিত্র। মাদকের পয়সা সংগ্রহ করতে মাদকাসক্তরা প্রতিদিনই এমন অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটায়।আত্মপক্ষ সমর্থন: ম্যানসেল মাদকাসক্ত নয় বলে দাবি করে। মাদকের টাকা সংগ্রহের জন্য ছিনতাইয়ের অভিযোগও উড়িয়ে দিল সে। হূদয় খুনের সঙ্গে তার নাম জড়িয়ে গেল কেন, জানতে চাইলে ম্যানসেল বলে, ‘আমার দলের নজুকে ভোলাইয়া-ভালাইয়া হূদয়কে খুন করতে নিয়ে গিয়েছিল। নজু ঘটনা বুঝতে পেরে ফিরে আসে। তবু মামলায় নজুর সঙ্গে আমার নামও দিয়ে দিল ফুফু।’ ফুফুটা কে? ম্যানসেল বলল, ‘হূদয়ের মাকে আমি ফুফু ডাকি।’ তার দলের কেউ মাদক ব্যবসা ও মাদকাসক্তিতে জড়িত কি না, জিজ্ঞেস করলে ম্যানসেল বলে, ‘চুনোপুঁটির খবর নিয়ে লাভ কী, পারলে সিন্ডিকেট ধরেন।’আবারও সেই সিন্ডিকেট: বছর তিনেক আগেও যশোরে সন্ত্রাস ও চোরাচালানের শীর্ষে ছিল আহসান হাবীব ওরফে হাসানের নাম। হাসানের সঙ্গে তখন তাঁর ভাই মিজানের নাম যুক্ত হয়ে ওঁদের সিন্ডিকেটের নাম হয়েছিল হাসান-মিজান সিন্ডিকেট। দুই ভাইয়ের এই সিন্ডিকেটকে ‘শংকরপুর সিন্ডিকেট’ বলেও ডাকা হতো। ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর র্যা বের ক্রসফায়ারে নিহত হন হাসান ও মিজান। মনে করা হয়েছিল, এবার হয়তো যশোরের মাদক-বাণিজ্য একটু কমবে। র্যা বের হাতে ধরা পড়ার দু-এক দিন আগে হাসান মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন, বিগত সরকারের (বিএনপি) আমলে যশোরের অনেক প্রভাবশালী যেমন তাঁর কাছ থেকে সুবিধা নিয়েছিলেন, তেমনি এই সরকারের (আওয়ামী লীগ) আমলেও অনেকে সেটা নিতে শুরু করেছেন। আর এই তালে পড়েই ভালো হতে চাইলেও তিনি ভালো হতে পারেন না।যশোরের অনেক লোক বিশ্বাস করেন, হাসান তাঁর ভাই নূরুন্নবীর মাধ্যমে বিএনপির নেতা তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ রাখতেন। তরিকুল ইসলাম এ অভিযোগ প্রত্যাখ্যান করে প্রথম আলোকে বলেন, ‘নূরুন্নবী বিএনপির রাজনীতি করেন। তাঁর সঙ্গে আমার সম্পর্ক তো থাকবেই। কিন্তু হাসানের সঙ্গে তো নূরুন্নবীরই যোগাযোগ ছিল না। কাজেই হাসানের সঙ্গে আমার যোগাযোগের কোনো প্রশ্নই ওঠে না।’তরিকুল ইসলাম সন্দেহের আঙুল একটু ঘুরিয়ে দিয়ে বলেন, খোঁজ নিন, তা হলে জানতে পারবেন খুন হওয়ার কিছুদিন আগে হাসানের ফুলের তোড়া কে পেয়েছিলেন। লোকজন কিছু বলতে রাজি না হলে স্থানীয় পত্রপত্রিকা ঘেঁটে দেখুন। খোঁজ নিন, কাদের বিত্তবৈভব বাড়ছে।তরিকুল ইসলাম নাম না বললেও সাংসদ খালেদুর রহমান টিটো ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকেই ইঙ্গিত করেছেন। এ দুজনকে প্রশ্নবিদ্ধ করেছেন আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুও। তিনি ১২ সেপ্টেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেছেন, আওয়ামী লীগের নেতারা আবার হাসান-মিজান সিন্ডিকেট চালু করার চেষ্টা করছেন। রাজু আইনশৃঙ্খলা কমিটির সভায় কারও নাম বলেননি। নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রথম আলোর কাছেও। তবে বললেন, আওয়ামী লীগে যাঁরা নবাগত, যাঁদের কাছে দলের চেয়ে নিজেদের বিত্তবৈভব গড়া জরুরি, তাঁরাই এ কাজ করছেন।জেলা আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা ও সাবেক সাংসদ বললেন, খালেদুর রহমান টিটো আর যা-ই করুন, মাদক ব্যবসায় নামতে পারেন না। হয়তো ওঁর ছেলেরা শহরের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা-পয়সা আদায় করে থাকতেও পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, আলী রেজা রাজু গত ২৩ আগস্ট ঈদ পুনর্মিলনীর নামে তাঁর বাসার সামনের একটি আবাসিক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন, হাসান-মিজান সিন্ডিকেট পরিচালনা করছেন শাহীন চাকলাদার। ওই অনুষ্ঠানে সাংসদ আফিলউদ্দিন, রঞ্জিত রায়সহ পাঁচজন উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও শাহীন চাকলাদারের বিরুদ্ধে হাসান-মিজান সিন্ডিকেট দখলের অভিযোগ এনে রাজু বলেন, ফন্টু চাকলাদার, মোস্তফা, ফিরু, সাহারুল, সাগর খাঁ, মুন্না, শহীদ, ভুট্টো, হবি ও কবিরের মাধ্যমে চোরাচালান সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন শাহীন চাকলাদার।সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও সাবেক সভাপতি খায়রুজ্জামানের কাছে বর্ধিত সভার সারসংক্ষেপ উল্ল্লেখ করে জানতে চাইলে তাঁরা বলেন, আলী রেজা রাজু চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে শাহীন চাকলাদার যুক্ত বলে অভিযোগ করেছেন। মোহিত কুমার নাথ বলেন, ‘হ্যাঁ, দাদা (রাজু) এও বলেছেন যে বারবার এসব কথা বলার কারণে মৃত্যুঝুঁকিতে আছেন তিনি।’ বর্ধিত সভার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে রাজু বলেন, সংগঠনের বর্ধিত সভার কথা তো সংবাদপত্রে বলা যাবে না।শাহীন চাকলাদার বলেন, ‘আমার জানা মতে, দাদা এসব কিছু বলেননি।’ তিনি এ প্রচারণাকে ভয়াবহ এক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন। ফিঙ্গে লিটন কলকাতায়, ঢাকায় কেরামত: গোয়েন্দা সূত্রে জানা যায়, হত্যাসহ পাঁচটি মামলার আসামি আনিছুর রহমান ওরফে ফিঙ্গে লিটন কলকাতা থেকে চোরাচালান সিন্ডিকেট পরিচালনা করেন। তাঁর পাঠানো ফেনসিডিল, হেরোইনসহ চোরাচালানসামগ্রী বেনাপোল রোড হয়ে যশোর, কাইমখোলা-ছুটিপুর রোড হয়ে যশোর ও চূড়ামনকাঠি-চৌগাছা রোড হয়ে যশোর আসে। সম্প্রতি ভারতে তৈরি নকল ইয়াবাও আসছে। মাদকদ্রব্যের সামান্য অংশই যশোরে থাকে এবং ওখান থেকে বিভিন্ন পথে আসে ঢাকায়।একটি সূত্র জানায়, ঢাকায় ওই সিন্ডিকেটের প্রতিনিধি হিসেবে কাজ করতেন কেরামত। ৮ সেপ্টেম্বর ঢাকায় দুই হাজার ৫০০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া কেরামত একসময় ছিলেন তথাকথিত সর্বহারা পার্টির সদস্য এবং অধুনা যুবলীগের জেলা কমিটির সদস্য। নওয়াপাড়ার বিরামপুর এলাকার ত্রাস কেরামতের নামে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে।যশোর শহরের কয়েকজন মাদক ব্যবসায়ী: নিজস্ব অনুসন্ধান ও গোয়েন্দা সূত্রে জানা যায়, হাসান-মিজান নিহত হওয়ার পর তাঁদের দেশব্যাপী নেটওয়ার্ক বেদখল হয়ে গেলে হাসান-মিজানের ছোট ভাই মশিউল ও ভাইয়ের ছেলে শিশির শহরের চাঁচড়া, শংকরপুর, নতুন বাস টার্মিনাল ও রেলস্টেশনকেন্দ্রিক মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শংকরপুরে আছেন হেরোইন ও জাল টাকার ব্যবসায়ী রইসুল ও তাঁর ছোট ভাই তারেক। দীপের নেতৃত্বে সাইফুল, মরা, তরিকুল ও সিকদার রেলগেট, রেলস্টেশন, মেথরপট্টি ও ষষ্ঠীতলার একাংশ নিয়ন্ত্রণ করেন। পালবাড়ি ভাস্কর্যের মোড়ে টিপু ও সাইফুল গং। মনিহার থেকে খুলনা বাসস্ট্যান্ড পর্যন্ত ফিঙ্গে লিটনের ভাই রিপন ও ডিম রিপন। খোলাপাড়া ও মঙ্গলগাতিতে দেলু ও হেমায়েত গং আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষ হাসান গংয়ের সঙ্গে লড়াই হয় তাঁদের এবং ওই লড়াইয়ে খুন হন মুরাদ। ঘোপে সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলার আসামি শুকর আলী, নাজির শংকরপুরে সফিউল ও হাতকাটা মোহাম্মদ আলী, চাঁচড়া রেলগেট তেঁতুলতলায় বুদ্ধিবুড়ির ছেলে মামুন, রায়পাড়ায় বিডিআর হুজুরের ছেলে মাহবুব, বেজপাড়ায় নবাব, আরিফ ও খুরশীদ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। এঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হলেও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।