মাদকের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মাদকের গডফাদার ও অর্থ লগ্নিকারীদের গ্রেপ্তার করতে হবে। অবৈধ মাদক ব্যবসার নেপথ্য নায়কদের খুঁজে বের করতে না পারলে মাদকবিরোধী অভিযান পূর্ণতা পাবে না। আজ শনিবার সকালে উত্তরায় র্যাব-১ কার্যালয়ে গত দুই বছরে উদ্ধারকৃত বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, অভিনেতা সোহেল রানা, অভিনেত্রী মৌসুমী, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ প্রমুখ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, রাজনৈতিক দুর্বৃত্তরা সমাজে সন্ত্রাস সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, বর্তমান বিশ্বে মাদক, অস্ত্র ও মানুষ পাচার সবচেয়ে লাভজনক অবৈধ ব্যবসা। কাঁচা অর্থের লোভে অনেকেই এই অবৈধ ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে। এই অবৈধ ব্যবসার বিনাশ ঘটাতে না পারলে আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।গত দুই বছরে উদ্ধারকৃত বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সকালে উত্তরার র্যাব-১ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। র্যাব এ অনুষ্ঠানে ৮৭৫ কেজি গাঁজা, ১৫ হাজার ভায়াগ্রা, ২ লাখ ইয়াবা, ১৮২ কেজি হেরোইন, ১৩ লাখ বোতল ফেনসিডিল, ১ লাখ বোতল দেশি মদ, ১ লাখ ২৪ হাজার ক্যান বিয়ার এবং ১ লাখ ৫৪ হাজার নেশার ইনজেকশন।