রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এরপর নব্বইয়ের দশকের শুরুর দিকে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। তারপর কী থেকে কী হয়ে গেল! মর্মান্তিক পরিণতি নেমে এল এক অমিত সম্ভাবনায় উদ্ভাসিত জীবনে।বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পরই তিনি (পরিবারের অনুরোধে নাম ও বিস্তারিত পরিচয় দেওয়া হলো না) জড়িয়ে পড়লেন রাজনীতিতে। তারপর নেশায়। গত এক যুগে অন্তত ১০ দফায় বিভিন্ন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা হলো তাঁর। একেকবার ভর্তি হন, সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের যেই অবস্থা, সে-ই। আসক্ত হয়ে পড়েন সর্বনাশা মাদকে। পড়াশোনাও আর শেষ করতে পারেননি। একপর্যায়ে নিজের ওপরই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন একসময়ের সেই মেধাবী তরুণ। গত জানুয়ারিতে আরও এক দফা চিকিৎসার সময় তিনি আত্মহত্যা করেন।মাদকের মারাত্মক জালে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা দুরূহ। এই তরুণের মতোই সারা দেশে মাদকের জালে আটকা পড়েছেন লাখো তরুণ। একপর্যায়ে আসক্তি থেকে মুক্তির জন্য অনেকেই ভর্তি হচ্ছেন নিরাময় কেন্দ্রে। কিন্তু চিকিৎসা নেওয়ার কিছুদিন পর আবারও তাঁরা ফিরছেন নেশার জগতে। দেখা গেছে, মাদকের জাল কেটে পুরোপুরি মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না তাঁরা। তবে মাদকমুক্ত স্বাভাবিক জীবনের জন্য কঠিন যুদ্ধ করছেন অনেকেই। আজ শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। ঢাকাসহ সারা দেশেই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।বিশেষজ্ঞরা বলছেন, মাদকাসক্তি শুধু শারীরিকই নয়; মানসিক ও সামাজিকও বটে। তাই বিশ্বব্যাপী এটি দেহমনোসামাজিক রোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশে এ রোগে সম্পূর্ণ নিরাময়ের হার অত্যন্ত কম। এ জন্য চিকিৎসা নেওয়ার পর আবার একটা সময় মাদকাসক্ত তরুণেরা ফিরে আসছেন নেশার জগতে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাদকাসক্তি পরিপূর্ণভাবে মানসিক রোগ হিসেবে স্বীকৃত। আসক্তদের ক্ষেত্রে এটি বারবার ফিরে আসে। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসা পেলে ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে রোগী ভালো হয়। তবে আমাদের দেশে মাদকের পূর্ণাঙ্গ ও বহুমুখী চিকিৎসা নেই। তাই সুস্থতার হার ৫ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ।’তাজুল ইসলাম বলেন, এটি একটি দেহমনোসামাজিক রোগ (বায়ো-সাইকো-সোশ্যাল ডিজঅর্ডার)। এর শারীরিক, মানসিক ও সামাজিক কারণ রয়েছে। রোগটা যেমন বহুমাত্রিক, এর চিকিৎসাটাও তেমন বহুমুখী হতে হবে। মাদকের বিষ কাটিয়ে উঠতে রোগীকে নিয়মিত ওষুধ ব্যবহার করতে হবে। পাশাপাশি তার মাদক ছেড়ে দেওয়ার ইচ্ছাটাও জোরালো করতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক কাউন্সেলিং করতে হবে। গ্রুপ থেরাপি নিতে হবে। পুনরাসক্তি প্রতিরোধ কৌশল শেখাতে হবে। আবাসিক পুনর্বাসন, আত্মসহায়তা গ্রুপে অংশ নেওয়ার মতো বহুমুখী চিকিৎসাব্যবস্থার সমন্বয়ে আসক্তি নিরাময়ের চেষ্টা চালিয়ে যেতে হবে। কিন্তু দেশের বেশির ভাগ বাণিজ্যিক মাদক চিকিৎসালয়ে শুধু মাদকের বিষ (ডিটক্সিফিকেশন) কাটানোর চিকিৎসা দেওয়া হয়। এর বাইরে মানসিক ও সামাজিক সমস্যাগুলোর দিকে নজর দেওয়া হয় না।তাজুল ইসলাম আরও বলেন, বারবার মাদকাসক্তির অন্যতম কারণ হলো, মানুষের মস্তিষ্কের একটা পুরস্কার (রিওয়ার্ড সিস্টেম) বা আনন্দকেন্দ্র আছে। মাদক একে উদ্দীপ্ত করে বলে মস্তিষ্ক মজা পায়। এ জন্য সারাক্ষণই সে এটা কামনা করে।এ ছাড়া মাদকাসক্তির সঙ্গে পারিপার্শ্বিক অনেক উপাদানের (কন্ডিশনিং) যোগসূত্র সৃষ্টি হয়। মাদক সেবনের সঙ্গী, স্থান, উপকরণ এমনকি যে আবেগের সময় সেবন করা হয়, এসবের যোগসূত্র তৈরি হয়। মাদক ছেড়ে দেওয়ার পর ওই সঙ্গী, স্থান, উপকরণ দেখে বা সেই আবেগের মুহূর্ত আবারও মাদক নিতে ইচ্ছা জাগায়। এ ছাড়া মাদকাসক্তদের মস্তিষ্কের মানসিক চাপ নিয়ন্ত্রণের কেন্দ্রটা দুর্বল বা অস্থিতিশীল হয়ে পড়ে। সামান্যতম জটিলতা বা দ্বন্দ্বে পড়লে তাদের মস্তিষ্ক ওই মাদকের প্রতি আকর্ষণ অনুভব করে। এসব কারণে তারা বারবার মাদকের কাছে ফিরে যায়।এভাবেই বারবার ছেড়ে বারবার নেশার কাছে ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের এক প্রতিশ্রুতিশীল তরুণ কর্মীর ক্ষেত্রে। চমৎকার কাজ করছিলেন তিনি। অফিসে প্রাণবন্ত উপস্থিতি। হঠাৎ করেই ছন্দপতন। সহকর্মীরা লক্ষ করলেন, তিনি নির্ধারিত সময়ে অফিসে আসছেন না। আচরণ কেমন যেন পাল্টে গেছে। একপর্যায়ে জানা গেল মাদকে আসক্ত হয়ে পড়ার বিষয়টি। সবাই মিলে চেষ্টা করলেন ফেরাতে। অফিস থেকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হলো। প্রায় ছয় মাস পর কাজে যোগ দিলেন তিনি। বেশ ভালোই চলল তিন-চার মাস। নিয়মিত অফিস করছেন। তারপর আবার অনিয়ম। জানা গেল, ফের জড়িয়ে গেছেন আসক্তির জালে। সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে, মাস তিনেক হলো, অফিসে একেবারেই আসছেন না তিনি।চিকিৎসা নেওয়ার পরও মাদকাসক্তি কেমন করে ফিরে আসে, সে কথা জানালেন ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ুয়া এক ছাত্র। বাড়ি নওগাঁয়। ঢাকায় এসে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে গাঁজা ধরেছিলেন। ছুটিছাটায় বাড়ি গেলে ফেরার সময় বন্ধুদের জন্য গাঁজা নিয়ে আসতেন। এরপর ধরলেন ফেনসিডিল। মাত্রা বাড়তে বাড়তে দিনে অন্তত দুই বোতল। একপর্যায়ে অসহ্য মনে হচ্ছিল এই আসক্তি। বাবাকে খুলে বললেন সব। খাদ্য বিভাগের কর্মকর্তা বাবা তাঁকে পরিবারের অগোচরে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করালেন। চিকিৎসা হলো। সুস্থ হয়ে ফিরে এলেন। চলছিল ভালোই। মাস দুয়েক কেটে গেছে। এর মধ্যেই শুরু হলো বিশ্বকাপ ফুটবল। প্রিয় দলের বিজয় উপলক্ষে একদিন আবার মাদক সেবন করলেন তিনি। এভাবেই মাদকাসক্তির পুনরাবৃত্তি ঘটতে থাকে আসক্তদের জীবনে।মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু তালেব বলেন, ‘আমাদের দেশে সাধারণত ১৫ দিন থেকে তিন মাস বা ছয় মাস চিকিৎসা দেওয়া হয়। এতে মাদকের কারণে আসক্তদের শরীরে যে বিষক্রিয়া তৈরি হয়, তা দূর হয়ে যায়। কিন্তু মাদকাসক্তি যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক ও আচরণগত বিষয়। মানসিক বিশৃঙ্খলা, ব্যক্তিত্বের জটিলতা, চাওয়া-পাওয়ার অসংগতি, পারিবারিক অশান্তি—এমন অনেক উপকরণ এর সঙ্গে সম্পৃক্ত। কারও জীবন থেকে এসব রাতারাতি দূর করাও যায় না। তাই একজন মাদকাসক্তও খুব সহজে মাদক ছাড়তে পারে না।দেশের অন্যতম মাদক নিরাময় সংস্থা ‘আপন’-এর পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল অবশ্য আশার কথা শোনালেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের ৩০ থেকে ৪০ শতাংশ রোগী সুস্থ হয়ে ওঠে।’ তবে বেশির ভাগ জায়গাতেই এই সাফল্যের হার অনেক কম।