‘সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমার সঙ্গে ২৮ বছর বয়সী একটা ছেলের সম্পর্ক হলো। একদিন ইরফান বলল, আমাকে যদি ভালোবাসো, এই ট্যাবলেটটা খাও। প্রথমে ঘুমের ওষুধ দিয়ে শুরু করলাম। তারপর গাঁজা, হেরোইন, ইয়াবা—কী খাইনি! প্রতি মাসে বাসা থেকে তিন-সাড়ে তিন হাজার টাকা নিতাম, সোনার দুল, চেইন সব বেচে দিয়েছি। টাকা না পাওয়ায় একবার রক্ত বেচলাম। মাঝেমধ্যে মনে হতো কিডনিটা বেচে দিই। আমি এখন শেষ, একদম শেষ। আমি ভালো ছাত্রী ছিলাম, বিশ্বাস করুন!’কথাগুলো উত্তরার একটি নামকরা স্কুলের ছাত্রী মৌরির (ছদ্মনাম)। বাবা-মায়ের বড় আদরের সন্তান সে, ভাইবোনদের সবার ছোট। মৌরি এখন পুরোপুরি বিপর্যস্ত। সে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে চায়।মৌরির মতো আরও অনেক মেয়েশিশু এখন বিপর্যয়ের মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বেসরকারি সংস্থা কারও কাছে তথ্য নেই, ঠিক কত মেয়েশিশু মাদকাসক্ত। তবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বলেছে, ঢাকা বিভাগে মাদকাসক্ত শিশুর ১৭ শতাংশ মেয়ে। ১০ থেকে ১৭ বছর বয়সী এই মেয়েশিশুরা শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোরোগ চিকিৎসক আখতারুজ্জামান মনে করেন, এ সংকট ঘনীভূত হচ্ছে। প্রথম আলোকে তিনি বলেন, কৈশোরের অস্থিরতা দমাতে ছেলেদের মতো মেয়েশিশুরাও হেরোইন, প্যাথেডিন নিচ্ছে। যে অনুভূতির জন্য এই মাদক সেবন, কৈশোরে শুধু খেলাধুলা ও সৃষ্টিশীল কাজের মাধ্যমেই স্বাভাবিকভাবে এক ধরনের হরমোন নিঃসরণে ছেলেমেয়েদের মধ্যে একই অনুভূতি সৃষ্টি হয়। শহরে শিশুদের খেলাধুলার সুযোগ করে দেওয়া যাচ্ছে না।আপন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর আসাদুজ্জামান এই প্রতিবেদককে বলেন, গত সাত দিনে পাঁচজন অভিভাবক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। ২০০৩ সালে যখন প্রথম কেন্দ্রটি চালু হয়, তখন বিভিন্ন বেসরকারি সংস্থা ভাসমান যৌনকর্মী ও মাদকসেবী শিশুদের তাঁদের কাছে পাঠাতেন। এখন সব পর্যায়ের মেয়েশিশুরা আসছে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ চিকিৎসা বিভাগের অধ্যাপক ঝুনু শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, সিগারেট, মদ, হেরোইন, ফেনসিডিল ইত্যাদি পরিপাক হতে যে হরমোনের প্রয়োজন, নারীর শরীরে তার উৎপাদন পর্যাপ্ত নয়। তাই ছেলেদের চেয়েও মেয়েদের স্বাস্থ্যঝুঁকি বেশি। এ ছাড়া, মাদক-ইয়াবা গ্রহণ করলে মানুষের অনিদ্রা, খাওয়ায় অরুচি দেখা দেয়। শরীর যথেষ্ট পুষ্টি পায় না বলে মাদকাসক্তদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, দীর্ঘ মেয়াদে মেয়েদের প্রজননস্বাস্থ্যকে বিপন্ন করে। কারা আক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এ মাসের গোড়ার দিকে শিশুদের মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির ওপর একটি প্রতিবেদন (প্রিভিলেন্স অব মেন্টাল ডিজঅর্ডার, এপিলেপসি, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড সাবসটেন্স অ্যাবিউজ অ্যামাং চিলড্রেন অব ঢাকা ডিভিশন) প্রকাশ করে। এ প্রতিবেদনের অন্যতম গবেষক হেলালউদদীন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানত ১১ থেকে ১৪ বছর বয়সী মেয়েশিশুদের মাদকাসক্তির হার বেশি।হেলালউদদীন আহমেদ আরও বলেন, বন্ধুবান্ধবের চাপ, কৌতূহল, হতাশা, কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, পরিবারে অশান্তি ইত্যাদি একটি শিশুকে মাদকাসক্তির দিকে ঠেলে দেয়। ছেলেবন্ধু বা খুব কাছের কেউ মাদকাসক্ত হলে মেয়েশিশুরা তাল মিলিয়ে চলতে গিয়ে মাদক গ্রহণ করতে শুরু করে। আক্রান্তদের বেশির ভাগই উচ্চবিত্ত এবং একেবারে দরিদ্র পরিবারের পথশিশু।প্রতিবেদনে প্রকাশিত সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রতিটি শিশুই জানিয়েছে, তাদের পারিবারিক পরিবেশ ছিল প্রতিকূল। কেউ সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়েছে, কারও বাবা সন্তানদের ফেলে রেখে চলে গেছেন, কারও বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এদের মধ্যে অন্তত দুজন ছেলেবেলায় ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। মাদক সেবনের পাশাপাশি কখনো কখনো মাদকবিক্রেতা হিসেবে কাজ করেছে তারা।উচ্চবিত্ত পরিবারের মাদকাসক্ত একজন নারী জানান, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়, তখন তাঁর পরিচিত মাদক ব্যবসায়ী নিজের মেয়েকে দিয়ে তাঁর কাছে ইয়াবা পাঠিয়েছেন। উত্তরার স্কুলছাত্রী মৌরি জানায়, সে নিজে কেনাবেচা করেছে। এ ছাড়া তার প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র তার কাছে নিয়মিত ইয়াবা বিক্রি করে থাকে। জয়দেবপুর রেলস্টেশনের ১৬ বছরের নার্গিস প্রথম আলোকে জানায়, সে স্বামীর সঙ্গে মাদক সেবন শুরু করে। একপর্যায়ে পাকা মাদক ব্যবসায়ীতে পরিণত হয়। ১৪ বছরের শিশু সাহারা জানায়, সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে সে দক্ষিণের একটি জেলা থেকে সদরঘাটে এসে পড়ে। সদরঘাট থেকে সোয়ারীঘাটে গাঁজা পৌঁছে দেওয়ার কাজ করতে করতে দৈনিক আয় যখন ২০০ টাকা ছাড়ায়, তখন সাহারা নিজেই গাঁজা খেতে শুরু করে। এ ছাড়া বন্ধু-বান্ধবের সঙ্গে আঠা ও কালি মোচনের রাসায়নিক পদার্থও (হোয়াইট ফ্লুইড) মাদক হিসেবে গ্রহণ করে সে।কারওয়ান বাজারের শিশু তিন্নিও মাদকদ্রব্য আনা-নেওয়ার কাজ করতে করতে একপর্যায়ে মাদকসেবীতে পরিণত হয়।আইন আছে, প্রয়োগ নেই শিশু আইন-১৯৭৪ অনুযায়ী, কোনো শিশুর কাছে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া নেশা হয়, এমন কোনো পানীয় বা ওষুধ বিক্রি করা যাবে না। এমনকি যেসব জায়গায় বিক্রি হয়, সেখানে শিশুদের নিয়ে যাওয়াও শাস্তিযোগ্য অপরাধ।কিন্তু প্রতিটি শিশুই জানিয়েছে, উচ্চমাত্রার ঘুমের ওষুধ কিনতে কখনোই তাদের ওষুধের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেখাতে হয়নি। উত্তর বিসিলের ১৩ বছরের শিশু আমিনা জানায়, শাহ আলী মাজারের কাছের একটি ওষুধের দোকান থেকে সে নিয়মিত ঘুমের ওষুধ কিনে খেত। দোকানি তাদের নেশাখোর বলে গালি দিলেও ওষুধ বেচা বন্ধ করেনি। জয়দেবপুরের নার্গিস বলেছে, ‘গাজীপুরের কলাবাগানে লাইন দিয়া আমরা গাঞ্জা বেচছি। ১০ ট্যাকার পুরিয়া, ১৫ ট্যাকার পুরিয়া। কিন্তু এক দিনও ধরা পড়িনাইক্যা। পুলিশরে সপ্তাহে তিন থেকে সাড়ে তিন হাজার ট্যাকা দিলেই ব্যবসা করতে কোনো অসুবিধা হয় না। রেইড দেওয়ার আগেই থানার ফিট করা লোক আঙ্গোরে সইরা পড়তে বলে’। একই তথ্য দেয় কারওয়ান বাজারের শিশু তিন্নি।ঢাকা মহানগর পুলিশের মাদকদ্রব্য প্রতিরোধ ও উদ্ধার দলের সিনিয়র সহকারী কমিশনার সাদিরা খাতুন বলেন, ‘পুলিশ বাহিনী সব জায়গায় ঠিকমতো কাজ করছে এমনটা দাবি করা ঠিক হবে না। তবে আমরা চেষ্টা করছি। আমাদের টার্গেট এখন স্কুলগুলো। আমরা আমাদের মতো করে স্কুলগুলোকে মাদকমুক্ত রাখার একটা পরিকল্পনা নিয়েছি।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিশুদের জন্য আলাদা কোনো উদ্যোগ নেই। মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলী জানান, তাঁরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। সেবার সুযোগ সীমিতমাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনে জাতীয় শিশুনীতি-২০১১ বলেছে, মাদকাসক্ত শিশুদের পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় পরিচালিত কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রেও মেয়েদের থাকার কোনো ব্যবস্থা নেই। শুধু বহির্বিভাগের সেবা আছে। কর্তৃপক্ষ বলছে, মেয়েদের জন্য ৬০টি শয্যা থাকলেও তাঁরা কাউকেই ভর্তি করছেন না, শুধু বহির্বিভাগের সেবা দিচ্ছেন। বেসরকারি পর্যায়ে ঢাকায় মোটামুটি পরিচিত পাঁচটি কেন্দ্রের মধ্যে মাত্র একটিতে মেয়েদের দীর্ঘমেয়াদে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ আছে বলে জানা গেছে। (শেষ)