মাদকের টাকার জন্য খুন করি শিশু শুভকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের টাকা জোগাড় করতেই পুরান ঢাকার ব্যবসায়ী বিভূতিরঞ্জনকে জবাই করে হত্যার চেষ্টা এবং তাঁর ছেলেকে পানিতে চুবিয়ে খুন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তাজুল ইসলাম সাগর গতকাল সোমবার পুলিশ ও সাংবাদিকদের সামনে এ তথ্য দিয়েছেন। গত রোববার রাতে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার একটি গ্রাম থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ।সাগরকে গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী অঞ্চলের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি ঘটনার বিবরণ দেন। সাগর বলেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিভূতিরঞ্জনের বাসার দরজায় কলবেল চাপেন। বিভূতিরঞ্জন দরজা খুলে দেন। ওই সময় বাসায় ছিলেন বিভূতিরঞ্জন ও তাঁর একমাত্র ছেলে দীপ্ত দাস শুভ। নানা কথাবার্তার এক ফাঁকে তিনি বিভূতির কাছে টাকা দাবি করেন। বিভূতি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর ক্ষিপ্ত হয়ে তাঁর গলায় বঁটি ঠেকিয়ে জিম্মি করেন। এরপর তাঁর হাত-পা বেঁধে ফেলেন। একপর্যায়ে বঁটি দিয়ে বিভূতির গলায় আঘাত করেন। এ সময় ছেলে দীপ্ত চিৎকার করে উঠলে তাকে ধরে নিয়ে বাথরুমে পানির ড্রামের ভেতরে চুবিয়ে রাখেন। এতে তার মৃত্যু হয়। এ সময় তিনি আলমারি খুলে তিন হাজার ৭০০ টাকা নেন। সেই টাকা নিয়ে বাসার পাঁচতলা থেকে প্রথমে পাইপ বেয়ে তিনতলা পর্যন্ত নেমে যান। এরপর সিঁড়ি দিয়ে নিচে নেমে মিটফোর্ড হাসপাতালে যান। সেখান থেকে হাতে ব্যান্ডেজ করে চলে যান শরীয়তপুরে খালার বাড়িতে।গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সাগরকে প্রধান আসামি করে গেন্ডারিয়া থানায় মামলা হয়। ওই মামলায় আরও তিন-চারজন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন বিভূতিরঞ্জন দাস।তবে এর আগে হাসপাতালে চিকিৎসাধীন বিভূতিরঞ্জন বলেছিলেন, সাগরের দাবির মুখে তাঁর ছেলে দীপ্ত আলমারি থেকে ৩৫ হাজার ৭০০ টাকা এনে সাগরের হাতে তুলে দেয়। এরপর সাগর তাঁকে বিছানায় ফেলে দা দিয়ে জবাইয়ের চেষ্টা করেন। এ ঘটনা দেখে ফেলায় দীপ্তকে হাত-পা ও মুখ বেঁধে বাইরে নিয়ে যান। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভূতির অবস্থার উন্নতি হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ধারণা, সাগর একা নন, সহযোগীদের নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’ তবে বিভূতিরঞ্জন বলেন, বাড়ির চারতলার ভাড়াটিয়া সাগর একাই ঘটনা ঘটিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, সাগরের মুদি দোকান ছিল। দুই মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এর পর থেকে তিনি মাদকে আসক্ত হয়ে পড়েন।কীভাবে মাদকে আসক্ত হলেন, জানতে চাইলে সাগর বলেন, ‘বন্ধুদের সঙ্গে মজা করতে করতে মাদকে আসক্ত হই।’ কী দিয়ে নেশা করেন, জানতে চাইলে তিনি বলেন, ‘যা পাই তাই চলে। কখনো হেরোইন আবার কখনো ফেনসিডিল।’পুলিশ জানিয়েছে, সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।