মাদকের বিরুদ্ধে এক পঞ্চায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কখনোই মাদক নেব না, আবার যারা মাদক নেয় তাদের সঙ্গে বন্ধুত্বও করব না।’ বলছিল মালিটোলার কিশোর মাহতাব আহমদ। পুরান ঢাকার মালিটোলা রোডের একটি মাদকবিরোধী শোভাযাত্রায় কথা হয় এই কিশোরের সঙ্গে।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ‘৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদ’ আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় বংশাল, মালিটোলা, গোলক পাল লেন আর গোয়ালনগর এলাকার শিশু-কিশোর ও যুবকরা। এদের কারও হাতে ছিল প্ল্যাকার্ড। আবার কেউ বিলি করেছে হ্যান্ডবিল। এসব প্ল্যাকার্ড আর হ্যান্ডবিল বিতরণের উদ্দেশ্য একটাই, মাদকবিরোধী প্রচারণা চালানো। আর মাদককে না বলার কথাও ছিল হ্যান্ডবিল ও প্ল্যাকার্ডগুলোয়।শোভাযাত্রাটি হয় ২০ নভেম্বর। ডিসিসির ৭১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চালানো হয় মাদকবিরোধী এ প্রচারণা। ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি রহমতউল্লাহ জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলার জন্যই এই প্রচারণা। এলাকার মুরব্বিদেরও এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে। স্থানীয় বিদ্যালয়গুলোর দুই শতাধিক শিক্ষার্থী ছিল এ শোভাযাত্রায়। ওয়ার্ডবাসীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে চালানো হচ্ছে কার্যক্রম। প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সাদিয়া আফরিন জানায়, মাদকের এমন শোভাযাত্রা নিয়মিত হলে ভালো হয়। তবেই মাদক থেকে দূরে থাকবে কম বয়সীরা। কারণ এতে তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে।শোভাযাত্রাটি মালিটোলা এলাকা থেকে শুরু হয়ে বংশাল, নয়াবাজার, তাঁতীবাজার মোড় হয়ে আবার মালিটোলায় গিয়ে শেষ হয়। জায়গায় জায়গায় শোভাযাত্রা থামিয়ে মাদক থেকে দূরে থাকার শপথ নেয় সবাই।এদিকে মালিটোলা রোড আর বংশাল পুকুর পাড়ে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। এতে মাদক প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। ডিসিসির ৭১ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত ওয়ার্ড করার অঙ্গীকার করেন আয়োজকরা। উপস্থিত সবাই মাদক থেকে দূরে থাকার শপথ নেন।