‘৭১ নম্বর ওয়ার্ডে মাদকের স্পট ছিল গোলকপাল লেন। এখানে দিনদুপুরে মাদক কেনাবেচা চলত। পঞ্চায়েত মাদকবিরোধী অবস্থান নেওয়ায় অল্প কয়দিনে মাদক ব্যবসা কমে এসেছে।’ — বলছিলেন গোলকপাল লেনের বাসিন্দা শহিদ উদ্দিন। গত ২০ নভেম্বর ঢাকায় থাকি পাতায় ‘মাদকের বিরুদ্ধে এক পঞ্চায়েত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজ কল্যাণ পরিষদের মাদকবিরোধী র্যালির সংবাদ প্রকাশিত হয়। তাতে এলাকাবাসী, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের সহায়তাও চান আয়োজকরা। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর এলাকার অলিগলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বেড়েছে। স্থানীয় থানা এবং প্রশাসন থেকে সার্বিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। এমনকি কমে এসেছে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা।এলাকাঘুরে দেখা গেছে, ওয়ার্ডের মাদক স্পটগুলোতে নেশাখোরদের জটলা নেই। ইংলিশ রোডের মালিটোলা পার্কের আশপাশে সব সময় মাদকসেবীদের আনাগোনা চোখে পড়ত। সেখানটায় এখন মাদকসেবী নেই বললেই চলে।৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অনেকেই। ওয়ার্ডের হাজি আবদুল্লাহ সরকার লেনের বাসিন্দা মাহবুবুর রহমান জানান, পঞ্চায়েতের মাদকবিরোধী অবস্থানের ফলে এলাকার অভিভাবকদের মধ্যেও পরিবর্তন এসেছে। অনেকেই নিজ নিজ সন্তানদের খোঁজখবর নিচ্ছেন। মাদক থেকে সন্তানদের দুরে রাখতে অভিভাবক পর্যায়ে প্রচারণাটি সফল হয়েছে বলেও তিনি মনে করেন।৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজনে দেশের বিভিন্ন মাদকবিরোধী সংগঠনও সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। মাদকবিরোধী সংগঠনগুলো নিয়মিত মাদকবিরোধী প্রচারণা চালানোর জন্য সহায়তা করবে বলে জানিয়েছে। পঞ্চায়েতের একাধিক সদস্য জানান, র্যালি করার পরে মাদকবিরোধী সংগঠনগুলোর সহায়তার জন্য আসছে। সামনে মাদকবিরোধী নানা ধরনের প্রচারণার সঙ্গে পঞ্চায়েত কমিটি থাকবে। মাদকের বিরুদ্ধে ওয়ার্ডবাসীকে নিয়ে একসঙ্গে লড়াই করবে এ কমিটি।আসছে বিজয় দিবসে মালিটোলা, বংশাল আর গোলকপাল লেনে একটি মাদকবিরোধী পথনাট্য অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। পঞ্চায়েত কমিটি অর্থের অভাবে সেটি করতে পারছে না বলে জানান, পঞ্চায়েতের সহসভাপতি রহমতউল্লাহ। এ ব্যাপারে মাদকবিরোধী সংগঠন, সরকার ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত সমাজ কল্যাণ পরিষদের কর্তাব্যক্তিরা।