মাদকের ভয়াল থাবায় সিলেট
‘মাদককে না বলো’—এই স্লোগানে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তুলনামূলক বেড়েছে। কিন্তু দমে নেই মাদকের ব্যবসা। আড়ালে ব্যবসা থাকলেও মাদকাসক্তির ছড়াছড়ি দেখে বোঝা যায় নেশার ভয়াল থাবা কতটা বিস্তৃত। নগরের বিশেষ কয়েকটি জায়গা আর নগরের বাইরে বিভিন্ন এলাকায় প্রধান সমস্যা এখন মাদক। নগরে বেসরকারি পর্যায়ে গড়ে ওঠা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে পুনর্বাসনের চেষ্টার পরও নেশার ছোবলের মাত্রা কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। সিলেটে রয়েছে প্রায় ১৭০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত। জেলার পাঁচটি উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদক ব্যবসার মূলোৎপাটন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দিন দিন কঠিন হচ্ছে। প্রথম আলোর অনুসন্ধানে মাদকের ভয়াল থাবার সরেজমিন চিত্র ভয়ংকরভাবে ওঠে এসেছে। এক পাতার এই প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।