২৭ জুন আইন অধিকার পাতায় তানজিম আল ইসলামের ‘কয়টি মৃত্যুদণ্ড, কারও জানা নেই’ নিবন্ধটি সময়োপযোগী ও বাস্তবধর্মী উপস্থাপনা। লেখাটিতে জামিন বাতিলে পিপিদের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন রেখেছেন তিনি। এর সঙ্গে কিছু বিষয় সংযোজনের প্রয়োজন মনে করছি।আমার বিবেচনায় একটি বিচারাধীন মামলার প্রসিকিউশনের সাফল্য নির্ভর করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে। প্রথমত, যিনি মামলা করবেন, তাঁর মামলার ঘটনা নির্জলা সত্য হতে হবে, যে সত্যে রং মিশ্রিত করা যাবে না। রাষ্ট্রপক্ষে ব্যর্থতার একটি বড় কারণ প্রকৃত ঘটনার অতিরঞ্জন, যা মোকদ্দমায় সন্দেহকে উসকে দেয়। দ্বিতীয়ত, যিনি তদন্ত করবেন, তাঁকে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আন্তরিক হতে হবে। মোকদ্দমার প্রয়োজনে তিনি সাক্ষী ও আসামি দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করবেন, কিন্তু নিজে বিক্রি হবেন না। তদন্তকারীর বিক্রি হওয়ার মূল্যবোধ বন্ধ করতে হবে। তৃতীয়ত, আইনে উল্লিখিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা, আলামত সংগ্রহ ও প্রয়োজনে পরীক্ষা করা। চতুর্থত, তদন্তে পাবলিক প্রসিকিউটরের তদারকি ও মতামত গ্রহণ করা, যা পুরো পুলিশ বাহিনীতে বর্তমানে অনুপস্থিত। পঞ্চমত, মামলার বিচার চলাকালে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা, শেষ পর্যন্ত সাক্ষীকে সত্য বলা। ষষ্ঠত, মামলা পরিচালনায় একজন পাবলিক প্রসিকিউটরের সৎ ও দক্ষ ভূমিকা রাখা এবং সপ্তমত, একজন জজ, যিনি বিচার করেন, তাঁকে জ্ঞানে অসীম, বিচারে আইনানুগ ও ব্যক্তিজীবনে সৎ হতে হবে। এ সবকিছু যদি থাকে তাহলে একটি প্রসিকিউশন মামলা সফলতা পাবে। তার পরও বলি, অনেকের ভেতরে ধারণা আছে, রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌঁসুলি বা পিপির দায়িত্ব আসামিকে জেল প্রদান করা কিংবা জামিন ঠেকানো, যা ভ্রান্ত ধারণা। পিপির দায়িত্ব কিন্তু জিপির মতো একপক্ষীয় নয়। জিপি সরকারের প্রতিনিধিত্ব করেন, কিন্তু পিপি রাষ্ট্রের। মৃত্যুদণ্ডের মামলায় একজন আসামি যাতে বিনা বিচারে সাজা না পায়, সে কারণে প্রয়োজনে রাষ্ট্রের খরচে আসামিকে একজন আইনজীবী পাইয়ে দিতে ভূমিকা রাখতে হয় পিপিকে। যে লোকটি জামিন পাওয়ার যোগ্য তার জামিন বিরোধিতার ক্ষমতা বা দায়িত্ব রাষ্ট্র পিপিকে দেয়নি। ১৬ বছরের নিচের বয়সী শিশু-কিশোর বা একজন বৃদ্ধ অথবা নারী যত বড় মামলার আসামি হন, তাঁকে কিন্তু জামিন দেওয়া আইনানুগ। অভিজ্ঞতা হচ্ছে, মাদকদ্রব্যের মামলায় অধিকাংশ সময় শিশুদের বাহন হিসেবে ব্যবহার করা হয়। আবার দীর্ঘদিন হাজতে আটক আসামির বিচারকালে রাষ্ট্রপক্ষ যখন সাক্ষী উপস্থিত করতে পারে না, তখন কিন্তু আদালত আসামিকে অনেক ক্ষেত্রেই জামিন দিয়ে থাকেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে তখন কিন্তু বিলম্বের সুযোগে আসামি আইনানুগভাবে জামিন পেয়ে থাকে। আবার মামলায় একাধিক আসামি থাকলে তাদের মধ্যে কোনো আসামি পলাতক থাকলেও বিচারে বিলম্ব হয়, বিচারের বিলম্ব জামিন প্রাপ্তির একটি বড় কারণ। সাক্ষী উপস্থিত করার দায়িত্ব পুলিশের, কিন্তু তাদের ব্যর্থতার দায় চাপে পিপিদের ওপর। আইন রাষ্ট্রপক্ষের জন্য অগ্রাধিকারমূলক নয়, উভয় পক্ষের জন্য সমান। একটি মাদকের মামলার উদ্ধারের বিষয়টি অনেকাংশেই স্থানীয় সাক্ষীদের ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে দেখা যায়, সাক্ষীরা প্রভাবিত হয়ে রাষ্ট্রের অনুকূলে সাক্ষ্য দেয় না বা বিধি অনুযায়ী ঘটনাস্থলের জব্দ তালিকা প্রস্তুত হয়নি, কিংবা সরকারি সাক্ষীরা সত্য বলে না। যদিও দেশে প্রচলিত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অনেক কিছুই আসামি অপেক্ষা রাষ্ট্রের অনুকূলে। বিদ্যমান আইন যেমন ফৌজদারি কার্যবিধিতে ১৬৫ (৪) ধারায় তল্লাশির ক্ষেত্রে যথাসম্ভব ১০২ ও ১০৩ ধারার বিধান প্রয়োগ করতে হয়, কিন্তু ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় পরোয়ানা ব্যতীত তল্লাশির ক্ষমতা দিয়েছে। এই আইনের ৩০ ধারায় আসামি যে অপরাধী নয়, তা প্রমাণের ভার আসামির নিজের ওপর অর্পণ করা হয়েছে। তার পরও হয়তো অধিকাংশ ক্ষেত্রেই আসামিদের জামিন হয়ে থাকে। জামিনকে সাজা হিসেবে বিবেচনায় নেওয়া আইনানুগ নয়। লেখক তানজিম একটি প্রশ্ন উত্থাপন করেছেন—পিপিরা জামিন বাতিলের আবেদন করেন না। তিনি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছেন, তা পরিষ্কার নয়। তবে বিভ্রান্তি এড়ানোর জন্য বলব, যখন কোনো ফৌজদারি বিবিধ মামলায় দায়রা জজের কাছ থেকে কোনো আসামি জামিন পায়, সেই মামলাটি বিচারে প্রেরিত হলে তার জামিন বাতিল হওয়ার কোনো কারণ থাকে না। এমনকি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্যের মামলায় কাউকে জামিন দিলে সে ক্ষেত্রেও যৌক্তিক কারণ ব্যতীত জামিন বাতিল করা যাবে না, তবে রাষ্ট্রপক্ষ গুরুতর অপরাধীর অপরাধের গুরুত্ব ভেদে জামিন আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন মোকদ্দমা আনয়ন করতে পারবে। ফৌজদারি বিচারব্যবস্থায় জামিন মূল্যবান অধিকার। এ অধিকার একবার অর্জিত হলে তা সহজেই বাতিল করা যাবে না। উচ্চ আদালতের অধিকাংশ সিদ্ধান্তই জামিন বাতিলের বিরুদ্ধে মোকদ্দমার মেরিট ও অবস্থান অনুসারে। জামিন বাতিল করতে গেলে জামিন লাভের পর আসামি জামিনের শর্ত ভঙ্গ করেছেন কি না, তা প্রমাণ করতে হবে।যেহেতু রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করেন পাবলিক প্রসিকিউটর, সে কারণে ধারণা, আসামির জামিন-খালাস সবটাই পিপির ওপর নির্ভরশীল। বিচারক ও পাবলিক প্রসিকিউটর শুধু সৎ ও দক্ষ হলেই মাদকের সব আসামির হাজত বা কারাবাস হবে, এটি ভাবা ঠিক নয়। এ জন্য প্রয়োজন বাদী থেকে সাক্ষী, পুলিশ থেকে পিপি ও জজ—সবার আন্তরিকতা, দক্ষতা ও সৎকর্ম। তাঁদের যেকোনো একজনের গাফিলতি আসামির শুধু জামিনপ্রাপ্তির জন্য নয়, বরং খালাসেরও কারণ। অধিকাংশ মামলার অজামিনযোগ্য অপরাধে আসামির জামিনের বিরোধিতা পাবলিক প্রসিকিউটররা করেন, কিন্তু সফল হতে পারেন না। এর কারণ পিপিরা নন, বিচারের অপরাপর অংশের সঙ্গে যারা জড়িত, তাদের ওপরই সেটি বিবেচনায় নিতে হবে।লেখক পাবলিক প্রসিকিউটর, কুড়িগ্রাম