মাদাম তুসোয় প্যাটিনসনের পাশে স্টুয়ার্টের ‘বরফ মূর্তি’!
লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বিশেষ আকর্ষণ হিসেবে সম্প্রতি ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের একটি প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম হলো মোমের মূর্তি নয়, মাদাম তুসোয় স্টুয়ার্টের বরফের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে।প্রেমিক রবার্ট প্যাটিনসনের মোম মূর্তিটির পাশেই ঠাঁই পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ওয়ান’ ছবির ডিভিডি প্রকাশনা উপলক্ষে মাদাম তুসোয় বিশেষ আকর্ষণ হিসেবে ক্রিস্টেনের এ বরফ-মূর্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ আয়োজনে আরেক ‘টোয়াইলাইট’ তারকা টেইলর লটনারও ঠাঁই পেয়েছেন।‘দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন-পার্ট ওয়ান’ ছবিটির অন্যতম প্রধান তিনটি চরিত্র বেলা সোয়ান, এডওয়ার্ড কুলেন এবং জ্যাকব ব্ল্যাক চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে ক্রিস্টেন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন ও টেইলর লটনার। ছবিটির প্রচারণার উদ্দেশেই মাদাম তুসোয় এই তিন তারকার প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে শোবিজস্পাই।ছবির কাহিনিতে ‘বেলা’ চরিত্রে ক্রিস্টেন স্টুয়ার্ট অমরত্ব পেলেও মাদাম তুসোয় স্থাপিত ক্রিস্টেনের এ বরফ-মূর্তিটি কিন্তু অমরত্ব পাবে না! এর আয়ু শুধু দুই দিনের! মাত্র দুদিন বাদেই শেষ হয়ে যাবে এই বিশেষ প্রদর্শনী। বিশেষ এ প্রদর্শনীটির পর মোমের রবার্ট প্যাটিনসন টিকে থাকলেও তাঁর বরফের প্রতিমূর্তি প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট হারিয়ে যাবেন—অন্তত মাদাম তুসো থেকে।