মাদাম তুসোয় মোমের মাধুরী!(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে মোমের প্রতিমূর্তি রয়েছে বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খানের। মাদাম তুসোয় সম্প্রতি বলিউডের যে নক্ষত্রের মোমের প্রতিমূর্তি স্থাপিত হতে যাচ্ছে, তাঁর নাম মাধুরী দীক্ষিত।অমিতাভ, শাহরুখ, ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও মাধুরীর আগে সালমান, হূতিক রোশন, কারিনা কাপুরেরও ঠাঁই হয়েছে মাদাম তুসোয়।

মাদাম তুসো কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এক খবরে জানিয়েছে, তারাও এই অসাধারণ নৃত্যপটিয়সী তারকার প্রতিমূর্তি স্থাপনের সুযোগ পেয়ে আনন্দিত বোধ করছে। শাড়িপরিহিত মাধুরীর এই অনিন্দ্যসুন্দর মোমের মূর্তিটি মাদাম তুসোয় থাকবে—এই ভাবনায় তারা আবেগে আপ্লুত!এদিকে মাদাম তুসোয় যাঁর মোমের প্রতিমূর্তি স্থাপিত হতে যাচ্ছে, সেই মাধুরী কী বলেন? এক বার্তায় মাধুরী জানিয়েছেন, ‘মাদাম তুসোয় যে আমার ঠাঁই হতে যাচ্ছে, এতে আমি রীতিমতো শিহরিত! শিল্প আর কর্মের এই স্বীকৃতির বিষয়টিতে আমি অভিভূত হয়েছি।’৪৪ বছর বয়সী মাধুরী টুইটারে লিখেছেন, ‘মাদাম তুসো কর্তৃপক্ষ বিষয়টি ঘোষণা করেছে। মার্চে লন্ডন যাচ্ছি।’প্রায় দুই যুগ বলিউডের রানি হিসেবেই মাধুরী রুপালি পর্দায় তেজাব, সাজন, খলনায়ক, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়ের মতো ছবিতে নাচ ও অভিনয়ের নান্দনিকতায় দর্শকচিত্ত জয় করেছেন। তাঁর খ্যাতি যে বিশ্বময় ছড়িয়েছে, তারই সম্মান যেন মাদাম তুসো কর্তৃপক্ষ এই মোমের মাধুরী বানানোর সিদ্ধান্তে জানিয়ে দিল।মাধুরীর এই মোমের প্রতিমূর্তি নির্মাণে তাঁর চুল, পোশাক ও অপরাপর বিষয় নিয়ে একদল ভাস্কর টানা চার মাস কাজ করবেন। মোমের এই মূর্তি নির্মাণে খরচও কম পড়ছে না! মাদাম তুসোয় মাধুরীর এই মোমের মূর্তি নির্মাণে সব মিলিয়ে খরচ পড়ছে এক লাখ পঞ্চাশ হাজার পাউন্ড!