মাদাম তুসোয় ৭ মার্চ থেকে সাক্ষাত্ মিলবে মাধুরীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ৭ মার্চ মাদাম তুসোয় স্থাপিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি সবার জন্য উন্মুক্ত করা হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাধুরী নিজেই। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘মাদাম তুসোয় আমার মোমের মূর্তি সবাই দেখার সুযোগ পাবেন ২০১২ সালের ৭ মার্চ থেকে।’ইতিমধ্যেই মাধুরীর মোমের মূর্তি তৈরির কাজ শেষ করেছেন একদল ভাস্কর, মেকআপ আর্টিস্ট, চুল এবং পোশাক বিশেষজ্ঞেরা। চার মাস সময় নিয়ে মূর্তিটি গড়েছেন তাঁরা। মূর্তি তৈরিতে যে অর্থ ব্যয় হয়েছে তা নেহাত কম নয়! মাধুরীর মূর্তি তৈরিতে সব মিলিয়ে খরচ হয়েছে দেড় লাখ পাউন্ড।অভিনয় প্রতিভা এবং নাচে অসাধারণ পারদর্শিতার জন্য জনপ্রিয়তার মাপকাঠিতে আজও বলিউডের প্রথম সারির তারকা হিসেবেই বিবেচিত হন ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের শীর্ষবিন্দু স্পর্শ করা বলিউডের তারকাদের মধ্যে তিনি একজন। এবার মাদাম তুসোয় মোমের মূর্তি স্থাপিত হওয়ার মধ্য দিয়ে তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি পালক। ‘তেজাব, রাম লক্ষ্মণ, সাজন, বেটা, দিল, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়, দেবদাসসহ অসংখ্য হিট ছবি উপহার দেওয়ার পর মাধুরী অভিনয় থেকে অবসর নেন ২০০২ সালে ডক্টর শ্রীরাম নেনেকে বিয়ে করার পর। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় দীর্ঘদিন রুপালি পর্দায় অনুপস্থিত থাকার পর ‘আজা নাচলে’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটে তাঁর। সর্বশেষ ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’র বিচারক হিসেবে দায়িত্ব পালনের পর আবারও মাধুরীকে নিয়ে আগ্রহ দেখা দেয় সবার মধ্যে। এর ফলে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরুর অভিপ্রায়ে গত বছর সপরিবারে ভারতে ফিরে আসেন। এখন ছোট ও বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিজের ওয়েবসাইট খোলারও উদ্যোগ নিয়েছেন। এ মুহূর্তে পুরোদমে এর কাজ এগিয়ে চলেছে। খুব শিগগিরই এটি উন্মুক্ত করতে চান মাধুরী।