মাদাম তুসোয় ‘মোমের মাধুরী’ উন্মোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাপি রঙের শাড়িতে সালংকারা বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মোমের মূর্তির উন্মোচন হয়ে গেল লন্ডনের মাদাম তুসোয়। আইএএনএস এক খবরে জানিয়েছে, ৭ মার্চ বুধবার তাঁর মোমের মূর্তি উন্মোচন উপলক্ষে বেশ রোমাঞ্চিতই ছিলেন ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী। নিজের মূর্তি উন্মোচন প্রসঙ্গে উচ্ছ্বসিত মাধুরী বলেন, ‘নিজের মোমের মূর্তি উন্মোচন উপলক্ষে আমি এখানে আসতে পেরে রোমাঞ্চিত। মূর্তিতে আমাকে চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বলিউডের অন্য তারকাদের পাশে আমার স্থান হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। এ মূর্তিগুলোর মধ্যে আমার পছন্দের নায়কেরাও আছেন।’উল্লেখ্য, মাধুরী ছাড়াও মাদাম তুসোয় বলিউড থেকে স্থান পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও হূতিক রোশন।প্রায় দেড় লাখ পাউন্ড খরচ করে টানা চার মাস ধরে তৈরি হয়েছে মাধুরীর এই মোমের মূর্তিটি। গোলাপি রঙের শাড়ি আর গলার হারের সঙ্গে মাধুরীর ট্রেডমার্ক হাসিটিও ফুটে উঠেছে তাঁর মোম-মূর্তিটিতে। সিনেমা বোদ্ধাদের মতে, বলিউডে অসাধারণ অভিনয় করে সুনাম কুড়িয়েছেন মাধুরী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘তেজাব’, ‘রাম-লক্ষ্মণ’, ‘সাজান’, ‘বেটা’, ‘দিল’, ‘দেবদাস’, ‘আনজাম’ ইত্যাদি। ২০০২ সালে শ্রীরাম নেনের সঙ্গে ঘর বাঁধেন ও যুক্তরাষ্ট্রে প্রবাসী হন। ২০১১ সালে আবারও মুম্বাইয়ে স্থায়ীভাবে ফিরে এসেছেন তিনি।