মাদারগঞ্জে পুলিশ-পিকেটার সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
জামালপুরের মাদারগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও পিকেটারদের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ ১৫ জন আহত হন। তখন পুলিশ ২৮টি ফাঁকা গুলি এবং ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়িজুড়ি বাজারে চৌরাস্তার মোড়ে পিকেটাররা মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। তখন পিকেটাররা পুলিশকে ধাওয়া করে। এতে এএসআই ফারুক আহাম্মেদসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, বাধ্য হয়ে ২৮টি ফাঁকা গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম জানান, পুলিশ বিনা উসকানিতে তাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে।