মাদারীপুর বিলরুট ক্যানেলের স্লুইস গেটগুলো এখন কৃষকের মরণফাঁদ
গোপালগঞ্জে মধুমতী নদীর সংযোগ খালগুলোর মুখ ভরাট হওয়ায় এবার কমপক্ষে এক হাজার ৫০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন কম হবে। সেই সঙ্গে উৎপাদন খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতী নদীর মাদারীপুর বিলরুট ক্যানেলের বেড়িবাঁধের নয়টি খালের মুখে স্লুইসগেটগুলোর দুই ধারে পলি জমে বন্ধ হয়ে গেছে। শুকনো মৌসুমে খালগুলো একদিকে পানিশূন্য হয়ে পড়ে। অন্যদিকে গেটের উভয় পাশে বালু জমে উঁচু ঢিবি তৈরি হওয়ায় বর্ষাকালে গেটগুলো পানি নিয়ন্ত্রণ করতে পারে না। বোরো মৌসুমে এসব স্লুইসগেটের নিচ দিয়ে পানি প্রবাহিত হয় না। অন্যদিকে অধিকাংশ স্লুইসগেট যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর মাদারীপুর বিলরুট ক্যানেলের পূর্বপাশের প্রায় দুই লাখ একর জমিতে বোরো আবাদের জন্য সেচসুবিধা দেওয়া ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঁচ কোটি টাকা ব্যয়ে এ গেটগুলো নির্মাণ করা হয়। কিন্তু উলপুর, বৌতলী, গান্ধিয়াশুর, ভেন্নাবাড়ি, চামটা, বানিয়ারচর, জলিরপাড় ও গঙ্গারামপুর খালের মুখে নির্মিত স্লুইসগেটগুলো অধিকাংশ সময় অকেজো থাকে। পলি জমে খালগুলো মুখসহ বিভিন্ন জায়গা ভরাট হয়ে গেছে। খালগুলোয় বর্তমানে পানির প্রবাহ নেই। সরেজমিনে দেখা গেছে, স্লুইসগেটগুলো নির্মাণের পর থেকে চামটা, ভেন্নাবাড়ি, জলিরপাড়, সাতপাড়, বৌলতলী, বনগ্রাম, বলাকড়ৈর, নিলখি, দুর্গাপুর, খাটিয়াগড়, কংশুর, করপাড়া, কলিগ্রাম, দুর্গাপুর, হাটবাড়িয়া, কৃষ্ণপুর, কাটরবাড়ি, আমগ্রাম এলাকার নৌপথগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া শুকনো মৌসুমে খালের পানি শুকিয়ে যাওয়া ও খালে জোয়ার-ভাটা না হওয়ায় এলাকার অধিকাংশ জমি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকে। এ কারণে অধিকাংশ জমিতে বছরে একবার ফসল উৎপাদন হয়। গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর গ্রামের জগলুল হায়দার ইলতুত (৩৬), শেখ অহিদুন্নবী (৪৮), পারভেজ শেখ (৩৫) ও মোয়াজ্জেম হোসেন, খাটিয়াগড়ের বাবলি মেক (৪০), নিলখীর আজিজুল কাজী (৪০) ও মুকসুদপুর উপজেলার বানিয়ার চরের জগদীশ মাস্টার (৫৮) জানান, খালের মুখ পলিতে বন্ধ হওয়ায় পানির প্রবাহ নেই। বাধ্য হয়ে শ্যালো মেশিন বসাতে হয়েছে। খালে পানি না থাকায় ৩০টি গ্রামের মানুষ নৌ-যোগাযোগ ও সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় অনেক জমি অনাবাদী থেকে যাচ্ছে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব সাহা বলেন, ‘প্রতিটি স্লুইসগেটের উভয় পাশে বালু জমে খালগুলো ভরাট হয়ে গেছে। কৃষকেরা নদী বা খালের পানি দিয়ে চাষাবাদ করতে পারলে ধানের উৎপাদন থেকে শুরু করে অনেক উপকার পেত। অনেকে গভীর নলকূপ দিয়ে সেচকাজ চালাচ্ছে, তাতে লবণ থাকায় ধানের উৎপাদন কমে গেছে এবং চাষাবাদও কম হচ্ছে। এ ছাড়া এই এলাকা আর্সেনিকপ্রবণ। ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে মানুষ আর্সেনিকের ঝুঁকির মধ্যেও পড়বে। নদীর পানি দিয়ে পরিকল্পিতভাবে সেচ দিতে পারলে তিন হাজার হেক্টরের বেশি জমি বোরো চাষের আওতায় আনা যেত। বর্তমান পরিস্থিতিতে লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫০০ মেট্রিক টন বোরো ধানের উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে।’ গোপালগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, ‘এলাকার চাষাবাদের সুবিধার জন্য কৃষকের সেচ কাজের স্বার্থে খালগুলো পূর্ণাঙ্গ খননের জন্য আমরা ১৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। কিন্তু বরাদ্দ পেয়েছি মাত্র এক কোটি ৩৬ লাখ টাকা, যা দিয়ে ভেন্নাবাড়ির দুই কিলোমিটার খাল, দুটি পানির রেগুলেটর ও কলিগ্রামের একটি খালের ভাঙন প্রতিরোধ কাজ করা হবে। বাকি বরাদ্দের টাকা পাওয়া গেলে নয়টি গেটের উভয় পাশে যে ২৮ কিলোমিটার খাল রয়েছে, তা খনন করা হবে। ফলে এলাকার সেচকাজে যেমন সুবিধা হবে, তেমনি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তবে চলতি বোরো মৌসুমে এর সুবিধা পাবে না।’