মাদারীপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে শ্রমিকদের ওপর পুলিশের মারধরের প্রতিবাদে আজ শুক্রবার থেকে শুরু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ মাদারীপুর সার্কিট হাউসে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা পৌনে দুইটা পর্যন্ত জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে এই ধর্মঘটের ঘোষণা দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার জানান, গতকাল পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ অর্ধশতাধিক নিরীহ চালক-শ্রমিকদের বেদম মারধর করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৈঠকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছেন।ধর্মঘটের কারণে মাদারীপুরে আজ সকাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ ছিল অভ্যন্তরীণ সড়কপথের সব যান চলাচল। দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।ক্ষুব্ধ শ্রমিকেরা সকাল থেকে শহরের প্রধান সড়কের ওপর গাছ ফেলে বাস-ট্রাক এমনকি স্কুটার-টেম্পো, ইজিবাইক, মোটরসাইকেল ও রিকশা চলাচলেও বাধা দেয়। মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর হয়ে চট্টগ্রাম-খুলনা রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাকগুলোও আটকা পড়েছে।গতকাল রাত আটটার দিকে মাদারীপুর স্টেডিয়ামে মেলার সার্কাসে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দর্শনার্থী লোকজনের সংঘর্ষ হয়। এতে মামুন নামে পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হন। খবর পেয়ে পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যরা গিয়ে মাদারীপুর শহরের প্রধান বিনোদন কেন্দ্র লেকেরপাড়, নতুন শহর, ডিসি ব্রিজ, পুরান বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় লোকজনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে আহত হন দুই শতাধিক। চিকিত্সার জন্য হাসপাতালে গেলে সেখানেও পুলিশ সদস্যরা বেশ কয়েকজনকে মারধর ও আটক করলে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।পুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, মেলায় সন্ত্রাসী হামলার পর মেলা কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। শ্রমিক ইউনিয়নের সঙ্গে সমঝোতা বৈঠকে এডিসি জেনারেলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।