মাদারীপুরে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীদের সংসদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সদর উপজেলা চেয়ারম্যান, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। পরে পুলিশ ১০-১৫টি কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই দুই পক্ষের মধ্যে একটি পক্ষ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও অন্য পক্ষটি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সমর্থক বলে জানা যায়।কলেজ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের দুটি প্যানেল, জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের একটি করে প্যানেল অংশ নেয়। তবে নির্বাচনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের বাইরে সংঘর্ষ হলেও কলেজ ক্যাম্পাসের ভেতরের পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছেন মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত নৌপরিবহনমন্ত্রীর বাসভবনের সামনে দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ ছিল নির্বিকার।সংঘর্ষে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুবলীগের নেতা এনায়েত হোসেন, ওই কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি মাসুদ পারভেজ, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের সময় ভিডিও ফুটেজ সংগ্রহকালে মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মনির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্র নামধারী সন্ত্রাসীরা। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলামকেও লাঞ্ছিত করে বিক্ষুব্ধরা।মাদারীপুর সরদার তমিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তবে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলামকে লাঞ্ছিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।সরদার তমিজউদ্দিন আরও জানিয়েছেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।