মাদারীপুরে চার গ্রামে সন্ত্রাসী হামলা, বোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ রোববার সকালে সন্ত্রাসী বাদল বাহিনী চারটি গ্রামের প্রায় ৫০টি বাড়িতে লুটপাট ও ভাঙচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক ছড়াতে তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাটে বাধা দিতে গেলে নারী ও শিশুসহ ১০ জন গ্রামবাসী আহত হয়।স্থানীয় লোকজন, জেলা পুলিশ ও কালকিনি থানা সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সন্ত্রাসী বাদল বাহিনীর হাতে এলাকার মানুষ অনেক দিন ধরেই জিম্মি হয়ে আছে। আজ সকালে এ বাহিনীর প্রধান বাদল তালুকদারের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী বোমা ও অস্ত্রশস্ত্র নিয়ে কালাই সরদারেরচর, সমিতিরহাট, মহরদ্দিরচর ও কাজীকান্দি গ্রামে হামলা চালায়। তারা অন্তত ৫০টি বাড়ি লুটপাট ও ভাঙচুর করে। সন্ত্রাসীরা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এতে বাধা দিতে গেলে ১০ জন আহত হয়। এ সময় সন্ত্রাসীরা জুয়েল সরদার নামের এক যুবকের পায়ের রগ কেটে দিয়েছে। তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর অন্য আহতদের কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। সন্ত্রাসী বাদল বাহিনী হামলার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।মাদারীপুর পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ বলেন, কালকিনির দুর্গম এলাকায় এই সন্ত্রাসী বাদল বাহিনীর প্রধানকে ধরতে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত আছে।