মাদারীপুরে ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের কুলপদ্বী-চৌরাস্তা এলাকায় আজ সোমবার সকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাবা-মেয়েসহ তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তিরা হলেন, আজিবর বেপারী (৪০), তাঁর মেয়ে তানজিলা (১৪) ও ভ্যানচালক হালিম ঢালী (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের কুলপদ্বী-চৌরাস্তা এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে ইটভর্তি একটি ট্রাক যাত্রীবোঝাই একটি ভ্যানকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানজিলা ও আজিবর নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ভ্যানচালক হালিম মারা যান। দুর্ঘটনায় আজিবরের ছোট মেয়ে সুমাইয়া আক্তারকে (১২) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলো অনলাইনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকচালক টিটু সরদার ওরফে কালুকে (২২) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।