মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
মাদারীপুরে আজ সোমবার দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জেলার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) মোজলেম আকন এবং সাবেক চেয়ারম্যান সোবাহান শরীফের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। আজ দুপুরে ওই ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আজ বেলা দেড়টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে মোজলেম আকনের ভাগিনা নূরন্নবী প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। নূরন্নবী পেয়ারপুর গ্রামের আক্কাস হাওলাদারের ছেলে। এ সময় আহত হন ২০ জনের মতো। আহত ব্যক্তিদের মধ্যে আলাউদ্দিন (২৫), ফরহাদ (২৮), সজীব (২২), পলাশ (২৪), সাহেব আলীসহ (৪০) ১২ জনকে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ নিয়ে এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি। পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।