মাদারীপুরে নতুন নেশা ড্যান্ডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকসের দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় ড্যান্ডি নামের এক ধরনের আঠা। যা ইলেকট্রনিকস জিনিসপত্র জোড়া দেওয়া বা বিভিন্ন জিনিসপত্র জোড়ার কাজে ব্যবহূত হয়। কিন্তু বর্তমানে মাদারীপুরের নেশাখোরেরা এই ড্যান্ডি নামের আঠা দিয়েই নেশা করছে। আক্রান্ত হচ্ছে উঠতি বয়সী কিশোর, রিকশা শ্রমিক ও বেকার যুবকেরা। মাদারীপুর শহরের থানতলী, গোলাবাড়ি, পাকদী, খাগদী ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই নেশার প্রচলন বেশি। এ ছাড়া শহরের পুরানবাজার, বিসিক শিল্পনগর ও নতুন শহর এলাকায়ও নেশাটি ছড়িয়ে পড়েছে। থানতলী এলাকার বাসিন্দা জোবায়ের আহমেদ জানান, আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধ এলাকায় নদীর পাড় দিয়ে হাঁটলে এই ড্যান্ডির অসংখ্য কৌটা পাওয়া যায়। থানতলী এলাকার নদীর পাড়ে বসে অনেকেই ড্যান্ডি দিয়ে নেশা করে থাকে।একাধিক নেশাখোরের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পূর্ণ এক কৌটা ড্যান্ডির আঠা একটি পলিথিনের মধ্যে ঢেলে ফুঁ দিয়ে ফুলিয়ে পরে পলিথিনের মধ্যে মুখ ঢেকে রেখে শ্বাস গ্রহণ করে তারা। ওই আঠার রাসায়নিক পদার্থের বাষ্প শ্বাস নিতে নিতে এক সময় ওই আঠা বাষ্প হয়ে শেষ হয়ে যায়। তারা আরও জানায়, ড্যান্ডি গ্রহণ করার পর তাদের শরীর বোধহীন হয়ে পড়ে। মারধর এমনকি শরীরে মারাত্মকভাবে আঘাত করলেও তা অনুভব করতে পারে না।শহরের থানতলী এলাকার বাসিন্দা কাওসার হোসেন জানান, ‘আমাদের থানতলী ও গোলাবাড়ি এলাকায় ড্যান্ডি এত বেশি ব্যবহার হচ্ছে যে উঠতি বয়সী ভাইদের নিয়ে আমরা চিন্তিত। কয়েক দিন আগে এক ড্যান্ডিখোরকে প্রচণ্ড মারধর করার পরও তাকে নির্বিকার দেখে পরে তাকে জিজ্ঞেস করলে জানায় যে শরীরে কোনো ব্যথা নেই।’একাধিক ইলেকট্রিক দোকানদার নাম না প্রকাশের শর্তে জানিয়েছে, ‘মাইক বা কলের পাইপ জোড়া দেওয়ার কাজে এই আঠা ড্যান্ডি ব্যবহার করা হয়। কিন্তু নেশাখোরেরা ব্যবহার করে কি না জানি না।’ ড্যান্ডি যেকোনো ইলেকট্রিক বা ডিপার্টমেন্টাল স্টোরের দোকানে পাওয়া যায়। দাম আকার অনুযায়ী ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। পুরান শহর এলাকার শাহ আলম চৌকিদার জানান, শহরের অনেক স্থানে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনার সঙ্গে অসংখ্য ড্যান্ডির কৌটা দেখা যাচ্ছে।মাদকবিরোধী সংগঠন মানসের মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন জানান, ড্যান্ডি নামক যে আঠা দিয়ে নেশা করা হয় তা মারাত্মক। এ ধরনের যেকোনো রাসায়নিক পদার্থ মানবদেহে চরম ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের ক্ষেত্রে আগের চেয়ে কঠোর হওয়ায় সাধারণ নেশাদ্রব্যগুলো এখন কিছুটা অপ্রতুল। তাই মাদকাসক্ত ব্যক্তিরা এ ধরনের বিকল্প নেশাদ্রব্য বেছে নিচ্ছে।মাদারীপুর পুলিশ সুপার এম খুরশীদ হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশ তত্পর রয়েছে। তবে পুলিশের পাশাপাশি জনগণকেও এই সামাজিক সমস্যার দিকে নজর দিতে হবে।