মাদারীপুরে পুলিশের চার কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। আজ বুধবার মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করা হয়। আদালত মাদারীপুরের পুলিশ সুপারকে (এসপি) ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।মামলার অন্য চার আসামি হলেন: সদর থানার ইন্সপেক্টর মিজানুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মতিনুর রহমান, দুধখালী ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান ও তাঁর ছেলে তুহিন খান।মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ১০ ফেব্রুয়ারি দুপুরে মাদারীপুর সদর উপজেলায় দুধখালী ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন খানের চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় তিনি উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করেন। এ সময় উপস্থিত লোকজন সদর থানায় খবর দিলে পুলিশ এসে হুমায়ুন খানকে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওই দিনই উপজেলা চেয়ারম্যান থানায় একটি মামলা করেন। ওই মামলায় হুমায়ুন খানকে গ্রেপ্তার দেখানো হয়। মধ্যরাতে পুলিশের কর্মকর্তারা দুই লাখ টাকার বিনিময়ে আসামি হুমায়ুন খানকে ছেড়ে দেন। এরপর ইউপি চেয়ারম্যান সমিতি ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হুমায়ুন খানকে আবার গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ তাঁকে গ্রেপ্তার না করায় ১৩ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান সমিতি মাদারীপুরের তিন পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দেন এবং উপজেলা পরিষদের সব উন্নয়ন কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়। এর পরও হুমায়ুন খানকে গ্রেপ্তার না করায় আজ পাভেলুর রহমান বাদী হয়ে পুলিশের চার কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা করেন। মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সুজিত চ্যাটার্জি জানান, আদালতে দায়ের করা উপজেলা চেয়ারম্যানের মামলাটি মাদারীপুরের পুলিশ সুপারের কাছে তদন্তের জন্য পাঠানো হয়েছে।