মাদারীপুরে বিদ্যালয়ের মাঠে ইট ও বালুর ব্যবসা
মাদারীপুর পৌর এলাকার ২৮ নম্বর পূর্ব রাস্তি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চলছে ইট ও বালুর ব্যবসা। পুরো মাঠজুড়ে ইট ও বালু রাখার কারণে শিশুরা খেলাধুলা করতে পারছে না। একটু বাতাস হলেই ভাঙা ইটের গুঁড়া ও ধুলাবালিতে ভরে যায় ক্লাস রুম। এ ছাড়া ইটভাঙা মেশিনের বিকট শব্দে বিঘ্নিত হচ্ছে পাঠদান।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মনির হোসেন বলে, ‘মাঠের মধ্যে ইটভাঙা ও বালু রাখা হয়। খেলাধুলা তো করতেই পারি না। এসব কারণে আমরা ঠিকমতো পড়তেও পারি না।’ চতুর্থ শ্রেণীর ছাত্রী অত্রি মণ্ডল বলে, ‘আমাদের স্কুলের মাঠে ইটভাঙা ও বালু রাখা হয়। আমরা একটি খেলার মাঠ চাই।’ তৃতীয় শ্রেণীর ছাত্র সবুজ বলে, ‘অন্যান্য স্কুলে ছাত্রছাত্রীরা কত সুন্দর খেলাধুলা করে। আর আমাদের মাঠে খেলা করতে পারি না। ইটভাঙার শব্দে কান ঝালাপালা হয়ে যায়।’বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার বলেন, ‘শুধু মাঠেই যে ইট ও বালু রাখা হয় তা নয়। মাঠে ইট রাখতে ও ভাঙা খোয়া নিয়ে যেতে মাঝেমধ্যেই ট্রাক আসে। ট্রাক চলাচলের শব্দেও মনোযোগ ব্যাহত হয় শিশুদের। তা ছাড়া বর্তমানে স্থানীয়ভাবে তৈরি ইটভাঙা মেশিনের বিকট শব্দ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা কাঁপিয়ে তোলে। সুস্থভাবে কথা শোনাও যায় না। পাঠদান হয়ে পড়ে অসম্ভব।’শিক্ষক শামীমা বেগম বলেন, ‘এই মাঠ ছাড়া বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জায়গা থাকলেও প্রভাবশালীদের কারণে ওই জায়গা দখল হয়ে আছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত একবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানকে এসব বিষয়ে অবহিত করা হয়েছে। এমনকি নৌপরিবহনমন্ত্রী বিদ্যালয়ের একটি নতুন ভবন উদ্বোধন করতে এলে তাঁকেও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। কিন্তু এ পর্যন্ত সমস্যা সমাধানে কোনো পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।’স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ের এসব সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া উচিত।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোহসীন রেজা বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করা হয়েছে। বিষয়টি এককভাবে কারও ওপর নির্ভর করে না। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে জোরালো ভূমিকা নিতে হবে। স্কুলের জমি নিয়ে যে জটিলতা আছে তার অবসান করতে পারলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সহজ হবে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মূল তত্ত্বাবধানের দায়িত্ব ম্যানেজিং কমিটির ওপর। আমরা ম্যানেজিং কমিটিকে এ বিষয়ে জানাব। তারা যদি শিগগিরই কোনো ব্যবস্থা না নেন, তবে আমরা দেখব কী করা যায়।’