মাদারীপুরে বিদ্যুৎ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মাদারীপুর বণিক সমিতির ডাকে ১০ হাজার ব্যবসায়ীসহ প্রায় ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে রেখেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘেরাও কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ গ্রাহকেরা এ সময় বিদ্যুৎ অফিসের গেট ভাঙচুর করে।তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একই সঙ্গে গ্রাহকেরা মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে রেখেছে। বেলা আড়াইটা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি চলবে বলে জানা গেছে।গতকাল রোববার বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। বণিক সমিতির অন্তর্ভুক্ত চার হাজারের বেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ এ আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছে। তারা ঝাড়ু ও লাঠিসোঁটা নিয়ে মিছিল করে। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।