মাদারীপুরে র্যাবের সাজে ডাকাতচক্র!
মাদারীপুরের চরমুগরিয়া বন্দরের মুকুল জুয়েলার্সের মালিক স্বর্ণের মহাজনি ব্যবসায়ী ক্ষিতীশ কর্মকারের বাসায় র্যাব পরিচয়ে ১৫০ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় চাকরিচ্যুত দুই বিডিআর ও সেনাসদস্যসহ চারজনকে আটক করেছে মাদারীপুর সদর থানার পুলিশ। তাদের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ২১ জুলাই মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ওই চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।মাদারীপুর সদর থানা সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে র্যাব পরিচয়ে তল্লাশির নামে ১৫০ ভরি স্বর্ণ নিয়ে মাইক্রোবাসযোগে পালিয়ে যায় একদল দুষ্কৃতকারী। পুলিশ গোপন তদন্তের মাধ্যমে প্রথমে শাহ আলম নামের চাকরিচ্যুত এক বিডিআর সদস্যকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর সহযোগী মোশারফ হোসেন শুভ এবং সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত কর্পোরাল মমিনুল ইসলামকে আটক করা হয়। মমিনুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ বাজার থেকে স্বর্ণ ব্যবসায়ী অনুকূল সাহাকে পাঁচ ভরি স্বর্ণসহ আটক করা হয়। স্বর্ণ ব্যবসায়ী ক্ষিতীশ কর্মকার বলেন, ‘র্যাবের পোশাক, অস্ত্র, হাতে ওয়ারলেস ও হ্যান্ডকাপসহ রাত সাড়ে নয়টার দিকে ঘরে ঢোকায় আমরা র্যাবের লোক বলেই মনে করেছি। ঘরের মধ্যে যারা এসেছিল তারা দেখতে উঁচু-লম্বা ও র্যাবের মতো ফিটফাট ছিল। তল্লাশির কথা বলে তারা চাবি নিয়ে সিন্দুক থেকে সব স্বর্ণ-গয়না নিয়ে যায়। আমার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ক্যাম্পের কথা বলে নিয়ে যায়। কিন্তু তাদের নিয়ে দূরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে র্যাবের ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারি যে দুষ্কৃকারীরা ছিল ভুয়া র্যাব।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, কুমিল্লা, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। দুদিন আগে দুজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়। তাদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। ঘটনার পর ডাকাতেরা ১২টি ভাগে নিজেদের মধ্যে স্বর্ণ ভাগ করে নেয়। এগুলো এত বেশি ছড়িয়ে গেছে যে সব স্বর্ণ খুঁজে আনা কষ্টকর হবে। তার পরও বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।মাদারীপুরের পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ বলেন, ‘এই চক্রের প্রধান নায়ক সেনাবাহিনী থেকে বিডিআরে যাওয়ার পর চাকরিচ্যুত এক মেজর। আর বাকিদের মধ্যে একজন র্যাব থেকে চাকরি হারিয়েছে। চাকরিচ্যুত সেনাবাহিনীর এক কর্পোরাল ও একজন বিডিআর সদস্য। এ ধরনের অপরাধের তদন্ত ও অনুসন্ধান করতে আমাদের অনেক কষ্ট ও টাকা খরচ করতে হয়েছে। পুরো চক্রকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’