মাদারীপুরে সাত সালিসকারীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে সালিসিতে অপমানের পর ক্ষোভে-দুঃখে শিরীন আক্তার নামে দশম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা করার ঘটনায় সাত সালিসকারীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। পুলিশ সালিসকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মহসিন বেপারীকে গ্রেপ্তার করেছে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গতকাল শনিবার রাতে শিরিনের মা হাজেরা বেগম সালিসকারী সাবেক ইউপি সদস্য মহসিন বেপারী, আক্কাস চৌকিদার, রশিদ আকনসহ সাতজন সালিসকারী এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় গতকাল রাতেই মূল সালিসকারী মহসিন বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষ থেকে প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যান।ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির মাদারীপুর ও শরীয়তপুর শাখার আইনজীবী এ বি এম জাহিদ হাসান বলেন, ‘ঘটনাটি গণমাধ্যমে জানতে পেরে তাত্ক্ষণিকভাবে আমরা এলাকায় যাই। যদি মামলার বাদী মামলা চালাতে চান, তাহলে আমরা সব ধরনের আইনি সহায়তাসহ আর্থিক সহায়তা আমরা দেব।’