মাদারীপুরের কালকিনি উপজেলায় সাড়ে চার বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবারের ওই ঘটনার পর থেকে অসুস্থ শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।রোববার দিবাগত রাতে কক্সবাজারের সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।কালকিনির ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কক্সবাজারের ঘটনায় হত্যা মামলার পর গতকাল মঙ্গলবার এক নারী ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।মাদারীপুর: পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কালকিনির বালিগ্রাম ইউনিয়নের নিজ গ্রামের সমবয়সী শিশুদের সঙ্গে খেলতে পাশের বাড়িতে যায় ওই শিশুটি। ওই গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে মফিজ (১৮) শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। খবর পেয়ে শিশুটিকে অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন পরিবারের লোকজন। নিয়ে যায় মাদারীপুর সদর হাসপাতালে। লোকলজ্জার ভয়ে প্রথমে ধর্ষণের কথা কাউকে জানায়নি শিশুটির পরিবার। রোববার বিকেলে শিশুটির বাবা কালকিনি থানায় ধর্ষণের মামলা করলে ঘটনাটি জানাজানি হয়।দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী।মামলার তদন্ত কর্মকর্তা ও কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান শেখ বলেন, ঘটনার পর থেকে ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ছিদ্দিকুর রহমান বলেন, ‘ভর্তির সময় শিশুটির অবস্থা বেশ খারাপ ছিল। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।’তবে চিকিৎসায় শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিক আঘাতের কারণে ভবিষ্যতে বেশ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাদেক হোসেন।পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন বলেন, ‘বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’কক্সবাজার: নিহত রাবেয়া বশরী (১৬) সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহসনিয়াপাড়া গ্রামের আবদুল শুক্কুরের মেয়ে।রাবেয়ার ভাই কামাল উদ্দিন বাদী হয়ে সৌদিপ্রবাসী প্রতিবেশী মোবারক হোসেন ও তাঁর স্ত্রী, জাহাঙ্গীর আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গতকাল সকালে পুলিশ মামলার আসামি মোবারকের স্ত্রী ও তাঁর মেয়েকে গ্রেপ্তার করে।রাবেয়ার পরিবারের ভাষ্যমতে, রাবেয়া পিএমখালী আবু বক্কর ছিদ্দিক মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ত। স্থানীয় বাঁচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করায় রাবেয়ার পড়া বন্ধ করে দেয় পরিবার। আবদুল শুক্কুর বলেন, রোববার দিবাগত রাতের কোনো এক সময় প্রতিবেশীর স্ত্রীর সহযোগিতায় রাবেয়া ঘরের বাইরে যায়। তারপর তাঁর (প্রবাসীর স্ত্রীর) ভাই গোলাম কবিরের ছেলে মোবারক হোসেন, স্থানীয় সিরাজের ছেলে জিকু ও বাঁচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাবেয়াকে ধর্ষণ করে হত্যা করেন। বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ধর্ষকেরা রাবেয়ার লাশ বাড়ির আঙিনায় ছোট একটি গাছের ডালে ঝুলিয়ে রাখেন।একই অভিযোগ তুলে মামলার বাদী কামাল উদ্দিন বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মোবারক ও জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকজন এ ঘটনা ঘটায়। জমি নিয়ে বিরোধ থাকায় হত্যাকাণ্ডে সহযোগিতা করেন অন্যরা। তাই সবাইকে মামলার আসামি করা হয়েছে।সদর থানা হাজতে বন্দী ওই নারী গতকাল সাংবাদিকদের বলেন, ‘প্রেমিকাকে বাদ দিয়ে রাবেয়াকে অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছিল বলে শুনেছি। কিন্তু এর মধ্যে কী কারণে রাবেয়া খুন হলো, আমরা জানি না। জমি নিয়ে বিরোধ থাকায় হত্যা মামলায় আমাদের জড়ানো হয়েছে।’কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাবেয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, রাবেয়া হত্যা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। গাছে ঝুলন্ত অবস্থায় লাশ পুলিশ উদ্ধার করেনি। লাশ পাওয়া গেছে ঘরে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে।তবে স্থানীয় লোকজন জানান, সোমবার ভোরে আবদুল শুক্কুরের বাড়ির একটি ছোট গাছে রাবেয়ার লাশ ঝুলতে দেখেন। গাছের ডালে ওড়না দিয়ে মাথা পেঁচানো ছিল। পা ছিল মাটির সঙ্গে লাগানো। একটি দূরে একটি চেয়ারও ছিল। স্থানীয় পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে রাবেয়াকে হত্যা করা হতে পারে।