মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। এর প্রতিবাদে এলাকাবাসী তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদ শেষে রাজধানীমুখী শত শত যাত্রী দুর্ভোগে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী বাস ১০টার দিকে মস্তফাপুরের বড় ব্রিজের কাছে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী দুলাল কাজী (৩৫) ও শাওনের (৭) মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বেলা সাড়ে ১১টার দিকে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ একটার দিকে অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সর্দার জানান, উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করেছিল। তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।