এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় হাইকোর্ট মাদারীপুরের পুলিশ সুপার ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন। ১৩ জানুয়ারি তাঁদেরকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করতে আইনসচিবকে নির্দেশ দেওয়া হয়ছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। জানা যায়, মাদীরপুরের রাজৈর থানার বাসিন্দা ভূপেন্দ্র নাথ মল্লিককে সন্ত্রাসীরা নির্যাতন করে। এ ঘটনায় গত বছরের ২০ আগস্ট রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষ বিভিন্নভাবে তাঁকে চাপ দিয়ে আসছিল। এ সময় স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে প্রহূত হন তাঁর স্ত্রী শিলা মল্লিক। পরে ‘মাদারীপুরে স্বামীর নির্যাতনের বিচার চাইতে গিয়ে এসপির হাতে প্রহূত হলেন গৃহবধূ’ এমন শিরোনামে জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে শিলা মল্লিককে নির্যাতন করা হয় বলে জানা যায়। এ ঘটনায় আদালতের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউল হকের করা রিটের প্ররিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।