মাদারীপুরের কালকিনিতে দুই তরুণের লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে দুই তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে একটি এবং আজ সোমবার সকালে আরেকটি লাশ উদ্ধার করা হয়। উপজেলার ডাসার ইউনিয়নের উত্তর খিলগ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে কালকিনি থানা-পুলিশ।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল প্রথম আলোকে বলেন, নিহতেরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের সুমন (২২) ও রহিম (২৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত ১১টার দিকে বরিশালের আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের চার তরুণ একটি মোটরসাইকেলে করে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর খিলগ্রামে আসে। পরে একসময় তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়।স্থানীয় লোকজন জানায়, তারা রাতের বেলা একজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গতকাল রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ সোমবার সকালে আরেকটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি।